hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯১

৮৯. আমি আমার সাথীর সাথে থাকতে চাই

মুসলমানদের হাতে অনেক এলাকা বিজিত হল এবং তাদের কাছে অনেক সম্পদ আসল তখন উম্মুল মু’মিনীন হাফসা রাদিয়াল্লাহু আনহা তার বাবাকে বললেন, এখন যদি আপনি নরম ও উন্নতমানের পোশাক পড়তেন এবং ভাল খাবার গ্রহণ করতেন! যেহেতু এখন আল্লাহ মুসলমানদের সম্পদ এবং রিযিক বৃদ্ধি করেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার মেয়ে! রাসূল (সাঃ)-এর পোশাকের মধ্যে অতিরিক্ত কি ছিল? তিনি বললেন, সুগন্ধিযুক্ত দুটি পোশাক ছিল যা তিনি মেহমানদের জন্য এটা পরিধান করতেন এবং এটা পরে জুমআর খুতবা দিতেন। এরপর বললেন, রাসূল (সাঃ)-এর সবচেয়ে উন্নত খাবার কি ছিল? হাফসা বললেন, যবের রুটি এবং ঘি। এ দুটি মিশিয়ে তিনি খেতেন।

এরপর তিনি বললেন, রাসূল (সাঃ) এর সবচেয়ে উন্নতমানের বিছানা কি ছিল? হাফসা বললেন, একটা বিছানা ছিল যা আমরা গ্রীষ্মকালে চার ভাঁজ করে নিচে বিছিয়ে দিতাম। আর যখন শীতকাল আসত তখন এর অর্ধেক নিচে বিছিয়ে দিতাম এবং অর্ধেক উপরে দেয়ার জন্য রাখতাম। এসব বর্ণনা শোনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার এবং আমার সাথীর উদাহরণ হচ্ছে এমন তিন ব্যক্তির মত যারা কোন রাস্তা দিয়ে গমন করছে তাদের মধ্যে প্রথম ব্যক্তি পূর্ণ পাথেয় সহ রাস্তা অতিক্রম করেছে। তারপর দ্বিতীয় ব্যক্তি তার অনুসরণ করেছে এবং সেও এভাবে রাস্তা অতিক্রম করেছে। তারপর তৃতীয় ব্যক্তিও সেই পথ অনুসরণ করেছে (এর দ্বারা তিনি নিজেকে বুঝাতে চাচ্ছিলেন) এখন সে যদি তাদের পাথেয়কে নিজের পাথেয় হিসেবে গ্রহণ করে এবং তাদের সুন্নাতকে পুরোপুরি অনুসরণ করে তাহলে সে তাদের সাথে মিলে যাবে। কিন্তু যদি সে অন্য পথ অবলম্বন করে তবে সে কখনোই তাদের সাথে মিশতে পারবে না। (সীরাতে ওমর ইবনুল খাত্তাব, পৃঃ ৫৮)