hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

১২. মদ হারাম হওয়ার ব্যাপারে ওমর (রাঃ) এর ঐক্যমত

আবি মায়সারা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মদ হারাম হওয়ার ব্যাপারে খুবই আগ্রহ প্রকাশ করতেন। তিনি বলতেন, হে আল্লাহ! মদের ব্যাপারে আপনি আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিন। কারণ, তা সম্পদ এবং জ্ঞান বিবেককে নষ্ট করে দিচ্ছে। তখন সূরা বাকারার ২১৯ নং আয়াত নাযিল হয়।

یَسۡئَلُوۡنَکَ عَنِ الۡخَمۡرِ وَ الۡمَیۡسِرِؕ قُلۡ فِیۡہِمَاۤ اِثۡمٌ کَبِیۡرٌ وَّ مَنَافِعُ لِلنَّاسِ ۫ وَ اِثۡمُہُمَاۤ اَکۡبَرُ مِنۡ نَّفۡعِہِمَا ؕ وَ یَسۡئَلُوۡنَکَ مَا ذَا یُنۡفِقُوۡنَ ۬ؕ قُلِ الۡعَفۡوَؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمُ الۡاٰیٰتِ لَعَلَّکُمۡ تَتَفَکَّرُوۡنَ ﴿۲۱۹﴾ۙ

লোকেরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করছে; আপনি বলে দিন, এ দুটির মধ্যে বড় গুনাহ রয়েছে। আর মানুষের মধ্যে কিছুটা উপকারী। তবে এ দুটোর অপরাধ উপকারের চেয়ে অনেক বড়।

এরপর রাসূল (সাঃ) ওমর রাদিয়াল্লাহু আনহু কে ডেকে এ আয়াতটি পড়ে শুনালেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ! মদের ব্যাপারে আপনি আমাদেরকে আরো স্পষ্ট নির্দেশনা দান করুন। তখন সূরা নিসার ৪৩ নং আয়াত নাযিল হয়।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَقۡرَبُوا الصَّلٰوۃَ وَ اَنۡتُمۡ سُکٰرٰی حَتّٰی تَعۡلَمُوۡا مَا تَقُوۡلُوۡنَ وَ لَا جُنُبًا اِلَّا عَابِرِیۡ سَبِیۡلٍ حَتّٰی تَغۡتَسِلُوۡا ؕ وَ اِنۡ کُنۡتُمۡ مَّرۡضٰۤی اَوۡ عَلٰی سَفَرٍ اَوۡ جَآءَ اَحَدٌ مِّنۡکُمۡ مِّنَ الۡغَآئِطِ اَوۡ لٰمَسۡتُمُ النِّسَآءَ فَلَمۡ تَجِدُوۡا مَآءً فَتَیَمَّمُوۡا صَعِیۡدًا طَیِّبًا فَامۡسَحُوۡا بِوُجُوۡہِکُمۡ وَ اَیۡدِیۡکُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَفُوًّا غَفُوۡرًا ﴿۴۳﴾

হে মুমিনগণ! নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হয়ো না, যতক্ষণ না তোমরা যা বল তা বুঝতে পার।

এরপর রাসূল (সাঃ) ওমর রাদিয়াল্লাহু আনহু কে ডেকে এ আয়াতটি পড়ে শুনালেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ! মদের ব্যাপারে আপনি আমাদেরকে আরো স্পষ্ট নির্দেশনা দান করুন। তখন সূরা মায়েদার ৯০ নং আয়াত নাযিল হয়।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنَّمَا الۡخَمۡرُ وَ الۡمَیۡسِرُ وَ الۡاَنۡصَابُ وَ الۡاَزۡلَامُ رِجۡسٌ مِّنۡ عَمَلِ الشَّیۡطٰنِ فَاجۡتَنِبُوۡہُ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ﴿۹۰﴾

হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তিপূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক শর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন কর- যাতে তোমরা সফলকাম হতে পার।

এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু -কে ডেকে রাসূল (সাঃ) এ আয়াত শুনালেন। যখন তিনি শেষ পর্যন্ত পৌঁছলেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ! এবার যথেষ্ট হয়েছে। (সুনানে নাসাঈ, ২/৩২৩)