hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪২

১৪০. যেমন খুশী তেমন শব্দ কর

ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে মদীনা ও তার পাশের এলাকায়, মানুষ ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হয়। আর এ বছরটির নামকরণ করা হয় দুর্ভিক্ষের বছর। তিনি এ মর্মে শপথ করেন যে, যতক্ষণ না পর্যন্ত তিনি লোকদেরকে এ বিপদ থেকে বাচাতে না পারবেন ততক্ষন পর্যন্ত তিনি ঘি, দুধ ও গোশতের স্বাদ গ্রহণ করবেন না। শেষ পর্যন্ত তিনি মানুষকে এ বিপদ থেকে মুক্ত করলেন। এর পর ঘি এবং দুধ বাজারে আসল। ওমর রাদিয়াল্লাহু আনহু এর গোলাম চল্লিশ দিরহামের বিনিময়ে তা ক্রয় করলেন।

এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট নিয়ে এসে বলল, হে আমিরুল মু’মিনীন! আল্লাহ আপনার শপথকে পূর্ণ করেছেন। আমি বাজার থেকে ঘি ও দুধ কিনে এনেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি ওগুলো দান করে দাও। আমি অতিরিক্ত খাওয়া পছন্দ করি না। কারণ আমার প্রজাদের উপর যে কষ্ট এসেছে আমার উপর তা আসেনি। এই ছিল দুর্ভিক্ষের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু-এর অবস্থান। পরে তিনি যখন তৈল খেলেন তখন তার পেটে গড় গড় শব্দ হচ্ছিল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যেভাবে চাও গড় গড় করতে থাক। আল্লাহর কসম! আমি ঘি খাব না। যতক্ষণ না মানুষ তা খাবে। (ওমর ইবনুল খাত্তাব লিস সালাবী)