hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৪

৫১. এখন তুমি বল আমরা শুনতেছি

ওমর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে অনেক কাপড় সেট আনা হল। অতঃপর তিনি তা সকলের মাঝে বন্টন করে দিলেন। ফলে প্রত্যেক মুসলমান পুরুষ একটি করে কাপড় পেল। কাপড় বিতরণের পর তিনি মসজিদের মিম্বারে উঠলেন। তখন তাঁর শরীরে দুটি কাপড় ছিল। মিম্বরে উঠে তিনি বললেন, হে মানুষ সকল! তোমরা কি আমার কথা শুনতেছ? তখন হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন না আমরা আপনার কথা শুনতেছি না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হে আবু আব্দুল্লাহ কেন শুনছ না? তখন তিনি (সালমান) বললেন, আপনি (ওমর) আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি এক সেট (দুটি) কাপড় পরিধান করেছেন।

তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু আব্দুল্লাহ! তুমি এ ব্যাপারে ব্যস্ত হয়ো না অতঃপর তিনি (ওমর) তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিলেন। কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না। অতঃপর তিনি ডাকলেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর! তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে আমিরুল মু’মিনীন! আমি উপস্থিত। তখন ওমর তাকে বললেন, আমি যে পোশাক (অতিরিক্ত) পড়েছি সেটা কি তোমার? তখন তিনি বললেন, হ্যাঁ আমার পোশাক। তখন সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন আপনি (ওমর) কথা বলুন আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। (আত-তাবাকাতু লি ইবনে সাদ, ৪/২০)