hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭

৪৪. সর্বপ্রথম যিনি আমীরুল মু’মিনীন নামকরণ করেন

আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বলা হতো খলিফাতু রাসূলিল্লাহ। অতঃপর যখন ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফাতের দায়িত্ব নিলেন তখন তাকে বলা হল খালিফাতু খালিফাতি রাসূলিল্লাহ। অর্থাৎ আল্লাহর রাসূলের খলিফার খলিফা। তখন মুসলমানরা বলল যে, ওমর রাদিয়াল্লাহু আনহু এর পর যে আসবে তাকে বলা হবে খলিফাতু খালিফাতি খালিফাতি রাসূলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাসূলের খলিফার খলিফার খলিফা। এভাবে এ নামটি দীর্ঘ হতে থাকবে, সুতরাং এমন একটি নাম দেয়া উচিত যে নামের দ্বারা সকল খলিফাকে সম্বোধন করা হবে। এরপর ইরাকের গভর্ণর লবীদ ইবনে রাবীয়া এবং আদি ইবনে হাতিমকে ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট পাঠালেন। যখন তারা মদীনায় পৌঁছলেন তখন মসজিদের পাশে তার সওয়ারীকে রাখলেন। এরপর তারা মসজিদে প্রবেশ করলেন।

তখন সেখানে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কে পেলেন। তারা দু’জন তাকে বললেন, আমীরুল মু’মিনীনের নিকট আমাদেরকে অনুমতি প্রার্থনা করুন। তখন আমর ইবনুল আ’স রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম! তোমরা তো একটি সঠিক নাম নির্বাচন করেছ। আমরা হলাম মুমিন আর তিনি হলেন আমাদের আমীর। এরপর আমর ইবনুল আ’স রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট প্রবেশ করলেন এবং বললেন, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মু’মিনীন। এটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এ নাম তুমি কোথায় পেলে? তখন তিনি বললেন, লাবিদ ইবনে রাবিয়া ও আদি ইবনে হাতিম তারা এসেছেন এবং বলেছেন যে, আমিরুল মু’মিনীনের এর নিকট আমাদের জন্য অনুমতি প্রার্থনা করুন। আল্লাহর কসম! আপনার জন্য তারা এ নামটি সঠিকভাবেই নির্বাচন করেছেন। আপনি আমাদের আমীর এবং আমরা হলাম মুমিন। এভাবেই এ নামটি চালু হয়ে যায়। (আল ইস্তি’আব লি ইবনে আবদুল বার, ২/৪৬৬)