hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৮

আবূ হাতেম আর-রাযী (র)

ইমাম আবূ হাতেম আর-রাযী হাদীসের বিশেষ পারদর্শী ব্যক্তি ছিলেন। তিনি ইমাম বুখারীর সমপর্যায়ের মুহাদ্দিস। ১৯৫ হিজরী সনে তিনি জন্মগ্রহণ করেন, ২০৯ হিজরীতেই তিনি হাদীস শিক্ষা ও সংগ্রহের উদ্দেশ্যে বিদেশ সফরে বহির্গত হন। তিনি এই সফরে দীর্ঘকাল অতিবাহিত করিয়াছিলেরন। তিনি বাহরাইন হইতে মিসর, মিসর হইতে রমলা, রমলা হইতে দামেশক, এবং সেখান হইতে তরসুম পদব্রজে সফর করিয়াছেন। অতঃপর হিমস প্রত্যাবর্তন করিয়া মক্কায় উপনীত হন। সেখান হইতে রওয়ানা হইয়া ইরাকে পৌঁছেন। এই দীর্ঘ সফর যখন তিনি সমাপ্ত করেন, তখন তাঁহার বয়স মাত্র ২০ বৎসর। তিনি তাঁহার পুত্র আবদুর রহমানকে একবার বলিয়াছেনঃ

হে প্রিয় পুত্র! আমি হাদীসের সন্ধানে পায়ে হাটিয়া হাজার ফার্লং-এর বেশী পথ অতিক্রম করিয়াছি।

ইরাকে পৌঁছিয়া বসরা শহরে তিনি আটমাস পর্যন্ত অবস্থান করেন। এখানে নিদারুন অর্থাভাবে পতিত হওয়ার কারণে তিনি স্বীয় ব্যবহার্য পোশাক-পরিচ্ছদ পর্যন্ত বিক্রয় করিতে বাধ্য হন। শেষ পর্যন্ত উপবাস থাকিতে বাধ্য হন। কিন্তু এই কঠিন দারিদ্র ও নিদারুণ নিঃস্বতায় প্রপীড়িত হইয়াও তিনি হাদীস শিক্ষার কাজ অব্যাহতভাবে করিয়া গিয়াছেন। বস্তুত এইরূপ কষ্ট স্বীকার করিয়াই তিনি ইলমে হাদীস শিক্ষা করেন এবং শেষ পর্যন্ত হাদীসের এক প্রখ্যাত হাফেজ ও বিশেষ ব্যুৎপত্তিসম্পন্ন ইমাম হওয়ার মর্যাদা লাভ করিতে সমর্থ হন।