hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫১

তৃতীয় পর্যায়ের গ্রন্হ

তৃতীয় পর্যায়ের হাদীসের সেইসব গ্রন্হ গণ্য, যাহা বুখারী মুসলিম সংকলিত হওয়ার পূর্বৈ, সমকালে ও পরবর্তী সময়ে গ্রন্হাবদ্ধ হইয়াছে। ইহাতে সহীহ, হাসান, যয়ীফ প্রভৃতি সকল প্রকারের হাদীসই সন্নিবেশিত হইয়াছে। এইসব হাদীস যদিও একেবারে অপরিচিত থাকিয়া যায় নাই; কিন্তু তবুও আলিমদের নিকট তাহা খুবই বেশি খ্যাতি ও জনপ্রিয়তা লাভ করে নাই। ফিকাহ রচনাকারিগণ সেসব হাদীসের প্রতি খুব বেশী ভ্রূক্ষেপ করেন নাই। মুহাদ্দিসগণও উহার দোষ-ক্রটি সম্পর্কে আলোচনা করার বিশেষ কোন প্রয়োজন বোধ করেন নাই। এই পর্যায়ে এমন সব গ্রন্হ রহিয়াছে, যাহার দুর্বোধ্য ভাষা বা শব্দের দুর্বোধ্যতা বিদূরণের জন্য বিশেষ কোন কাজ করা হয় নাই। কোন ফিকাহবিদ উহাতে সংকলিত হাদীসসমূহকে পূর্ববর্তী ইমামদের মতামতের সহিত মিলাইয়া দেখিবারও প্রয়োজন মনে করেন নাই। কোন হাদীস বিজ্ঞানী উহার অসানঞ্জস্যতা বর্ণনা ও প্রকাশ করার চেষ্টা করেন নাই। কোন ঐতিহাসিক এই হাদীসসমূহের বর্ণনাকারীদের জীবন সম্পর্কে কোন আলোকপাতও করেন নাই। এখানে অবশ্য শেষ যুগের ঐতিহাসিকদের কথা বলা হইতেছে না, বলা হইতেছে প্রাথমিক যুগের ঐতিহাসিকদের কথা। ফলে এই ধরনের গ্রন্হাবলী অপ্রকাশিত ও জনগণে অগোচরীভূত হইয়াই রহিয়া গিয়াছে।

নিমোক্ত হাদীস গ্রন্হাবলী এই পর্যায়ে গণ্যঃ

১) মুসনাদে আবূ আলী

২) মুসান্নাফ আবদুর রাযযাক

৩) মুসান্নাফ বকর ইবনে শাইবা

৪) মুসনাদ আবদ ইবনে হুমাইদ

৫) মুসনাদে তায়ালিসী

৬) ইমাম বায়হাকীল গ্রন্হাবলী

৭) ইমাম তাহাভীর গ্রন্হাবলী

৮) ইমাম তাবারানীর গ্রন্হাবলী।

এই গ্রন্হকারদের গ্রন্হ প্রণয়নের মূল একমাত্র উদ্দেশ্যে ছিল তাঁহাদের প্রাপ্ত হাদীসসমূহ শুধু সংগ্রহ করা। উহাকে সুসংবদ্ধ কিংবা সুষ্ঠুরূপে সজ্জিতকরণ অথবা ব্যবহারোপযোগী করিয়া তোলা তাঁহাদের লক্ষ্য ছিল না।

এই গ্রন্হাবলীতে উদ্ধৃত হাদীসসমূহের এক-তৃতীয়াংশেরও অধিক বর্ণনাকারী হইতেছেন তৃতীয় পর্যায়ের এবং এক-তৃতীয়াংশ বর্ণনাকারী চতুর্থ পর্যায়ের। এই গ্রন্হাবলীর মধ্যে কোন কোন কিতাব অপরাপর কিতাব হইতে অপেক্ষাকৃত দুঢ়মূল ও মজবুত বলিয়া মুহাদ্দিসগণের নিকট স্বীকৃত।