hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৭

হাদীস সংকলনের চূড়ান্ত পর্যায়

পূর্বের আলোচনা হইতে পাঠকদের নিকট একথা সুস্পষ্ট হইয়াছে যে, তৃতীয় হিজরী শতকে হাদীসের চর্চা, প্রচার, সংকলন ও গ্রন্হ প্রণয়নের কাজ অধিকতর উন্নতি, বিকাশ সম্প্রসারণ ও উৎকর্ষ লাভ করিয়াছে। ইহার এক একটি বিভাগ স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ মর্যাদা সহকারে প্রতিষ্ঠিত হইয়াছে। মুহাদ্দিস ও হাদীস বর্ণনাকারীগণ এই শতকে হাদীস শিক্ষা ও চর্চার দিকে পূর্বের তুলনায় অনেক ব্যাপক ভিত্তিতে মনোনিবেশ করিয়াছেন। হাদীস সংগ্রহকারিগণ হাদীসের সন্ধানে মুসলিম জাহানের প্রত্যেকটি কেন্দ্রে পর্যটন করিয়াছেন, প্রত্যেকটি স্থানে উপস্থিত হইয়া বিক্ষিপ্ত হাদীসসমূহ সংগ্রহ ও সংকলন করিয়াছেন। সংগ্রহীত হাদীসসমূহকে একত্রে সংকলিত করিয়া বহু সংখ্যক মূল্যবান ও বৃহদাকারের গ্রন্হ প্রণয়ন করিয়াছেন।

এই শমতকে মুসলিম সমাজে এমন এক পরিস্থিতির উদ্ভব হয়, যাহার ফলে হাদীস-বিজ্ঞান নামে স্বতন্ত্র এক জ্ঞান বিভাগের উদ্ভাবন অত্যন্ত প্রয়োজনীয় হইয়া পড়ে। হাদীস-বিজ্ঞানের পরিভাষায় ইহার নাম হইতেছে ‘হাদীস পর্যালোচনা ও সামালোচনা বিজ্ঞান’। হাদীস পর্যালোচনা ও সমালোচনা বিভাগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা করার জন্য উপরোক্ত পরিস্থিতির বিস্তারিত আলোচনা আবশ্যক।