hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৯

হাদীস গ্রহণের শর্তাবলী

কোন ধরনের হাদীস গ্রহণ করা হইবে এবং কোন ধরনের হাদীস গ্রহণ করা যাইবে না, তাহা নির্ধারণ ও এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ইলমে হাদীসের ইমামগণ বিভিন্ন শর্ত নির্দিষ্ট করিয়া দিয়াছেন। পূর্বেই বলা হইয়াছে, কেবলমাত্র সহীহ হাদীস ছাড়া অপর কিছুই গ্রহণ করা হইবে না, এই কথায় হাদীসের সকল ইমামই সম্পূর্ণ একমত ও দৃঢ় সংকল্পবদ্ধ। কিন্তু কি কি গুণে একটি হাদীস ‘সহীহ হাদীস’ নামে অভিহিত হইতে পারে, এই পর্যায়ে হাদীসের প্রত্যেক ইমাম নিজস্বভাবে চিন্তা ও গবেষণা পরিচালনা করিয়াছেন। তবে যেহেতু এই গবেষণা ও চর্চা এবং হাদীস-বিজ্ঞানের উন্নয়ন একই সময় ও সকল মুহাদ্দিসের একত্র উপস্থিতিতে সম্পন্ন হয় নাই, বরং বিভিন্ন সময়ে হাদীস-বিজ্ঞানের ক্রমবিকাশ-ধারার বিভিন্ন স্তরে ইহা অনুষ্ঠিত হইয়াছে, সেই কারণে ইহাতে বিভিন্ন পর্যায়ে সম্প্রসারণ সূচিত হইয়াছে। ফলে বাহ্যদৃষ্টিতে ইহাতে কিছু মতপার্থক্য পরিলক্ষিত হইতেছে। আমরা এখান বিভিন্ন ইমামের আরোপিত শর্তাবলীর উল্লেক করিতেছি।