hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭

সায়ীদ ইবনুল মুসাইয়্যিব

তিনি হযরত উমর ফারুকের ফিলাফতের দ্বিতীয় কি চতুর্থ বৎসরে জন্মগ্রহণ করেন।

এই সময় রাসূলে করীমের স্বর্ণযুগ অতিবাহিত হইয়া গিয়াছিল; কিন্তু তবুও ইসলামের বসন্তকাল সর্বত্র বিরাজিত ছিল। দুই-চারজন ব্যতীত প্রধান সাহাবীদের প্রায় সকলেই তখন পর্যন্ত জীবিত ছিলেন। আর তারাই ছিলেন ‘ইলমে রিসালাতে’র প্রকৃত উত্তরাধিকারী। ইবনে মুসাইয়্যিবের ছিল অসীম জ্ঞান পিপাসা। তিনি সাহাবীদের নিকট হইতে কুরআন ও হাদীসের জ্ঞান- অমৃত আহরণ করেন। হযরত আবূ হুরায়রা (রা) ছিলেন তাঁহার শশুর। এই সম্পর্কের কারণে হযরত আবূ হুরায়রার নিকট হইতে হাদীস জ্ঞান অধিক মাত্রায় অর্জন করা তাঁহার পক্ষে সহজ হইয়াছিল। এই কারণে তাঁহার বর্ণিত অধিকাংশ হাদীসই মূলত হযরত আবূ হুরায়রা (রা) বর্ণিত।

অপরদিকে তাঁহার স্বাভাবিক স্মরণশক্তি ছিল এতই তীক্ষ্ণ ও প্রবল যে, একবার যাহা শুনিতেন তাহা চিরদিনের তরেই তাঁহার স্মৃতিপটে মুদ্রিত ও রক্ষিত হইয়া যাইত।

এইসব কারণে তাঁহার হাদীস- জ্ঞান অত্যন্ত গভীর ও প্রশস্ত হইয়াছিল।