hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৫

উত্তর ভারতে হাদীস চর্চা

দ্বিতীয় হিজরী শতকের মাঝামাঝি সময় পর্যন্ত সিন্ধুদেশ কেন্দ্রীয় আরব সরকারের অধীন ছিল। তাহার পর এ দেশের বিদ্রোহ, উচ্ছৃঙ্খলতা ও রাজনৈতিক বিপর্যয় দেখা দেয়। সেকালে গোটা প্রদেশ কতকগুলি ক্ষুদ্র দেশীয় স্বাধীন রাজ্যে বিভক্ত হইয়া পড়ে। তৃতীয় শতকে এই রাজ্যগুলিও ধ্বংস হইয়া যায়। অতঃপর এতদঞ্চলে বাতেনী সম্প্রদায়ের প্রভাব বিস্তার লাভ করে। ফলে কিছু কালের জন্য উহার সহিত কেন্দ্রীয় মুসলিম শাসকের সম্পর্ক ছিন্ন হইয়া যায়।

৪১৩ হিজরী সনে সুলতান মাহমুদ গযনভী খাইবারের গিরিপথে পাঞ্জাব আক্রমণ করে লাহোর অধিকার করেন। ইহার ফলে পাক-ভারতের সহিত মুসলিমদের সম্পর্ক পুনরায় স্থাপিত হয়। অতঃপর সপ্তম হিজরী শতকের মধ্যে গোটা উপমহাদেশের উপর মুসলিম আধিপত্য বিস্তৃত ও দৃঢ়তর হয়। দিল্লী মুসলিমদের রাজধানীরূপে নির্দিষ্ট হয়। ইহার পর খাইবার গিরিপথ হইতে এশিয়াটিক তুর্কিস্তান, খুরাসান ও আফগানিস্তান প্রভৃতি অঞ্চলের মুসলিমগণ দলে দলে ভারতে আগমন করিতে থাকে। প্রথমোক্ত দুইটি দেশ- এশিয়াটিক তুর্কিস্তান ও খুরাসান-হিজরী তৃতীয় শতকে ইলমে হাদীসের পাদপীঠে পরিণত হইয়াছিল। সিহাহ-সিত্তার গ্রন্হ প্রণেতাগণ এই অঞ্চলেরই অধিবাসী ছিলেন। এই দেশে হইতে বিপুল সংখ্যক লোকের আগমনের ফলে ভারতে ইসলামী শিক্ষা ও ইলমে হাদীসের ব্যাপক প্রচার শুরু হইয়া যায়। বিশেষত লাহোর এই সময় হাদীস শিক্ষার কেন্দ্রস্থলে পরিণত হয়।