hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১২

ইসহাক ইবনে রাহওয়াই (র)

ইসহাক তাবে-তাবেয়ীন যুগের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস। তিনি সর্বপ্রথম আবদুল্লাহ ইবনে মুবারকের নিকট হাদীস শিক্ষার উদ্দেশ্যে উপস্থিত হন। কিন্তু তাঁহার অল্প বয়স এই পথের প্রতিবন্ধক হইয়া দাঁড়ায়। অতঃপর তিনি হাদীস শিক্ষার অন্যান্য কেন্দ্রের সন্ধানে বাহির হইয়া পড়েন। এই কেন্দ্রসমূহ একটি হইতে অন্যটি শতসহস্র মাইলি দূরে অবস্থিত ছিল। ইবনে রাহওয়াই এই দূরাতিক্রম্য পথে পর্যটন শুরু করেন এবং বড় বড় হাদীসবিদ মনীষীদের নিকট হাদীস শিক্ষা ও সংগ্রহ করেন। মুসলিম জাহানের যেসব প্রদেশে এই হাদীস কেন্দ্রসমূহ অবস্থিত ছিল, তন্মধ্যে ইরাক, হিজায, ইয়েমেন, মক্কা ও সিরিয়া উল্লেখযোগ্য। ইহার এক-একটি শহরে শত শত হাদীস শিক্ষা কেন্দ্র বিরাজিত ছিল। ইমাম ইসহাক এই সবের মধ্যে প্রায় প্রত্যেকটি কেন্দ্রেই উপস্থিত হইয়াছেন এবং হাদীস সম্পদ শিক্ষা ও সংগ্রহ করিয়াছেন।

এই চেষ্টা-সাধনাকে দ্বিগুণ কার্যকর ও কল্যাণময় করিয়া দিয়াছিল তাঁহার অনন্যসাধারণ তীক্ষ্ম স্মরণশক্তি। অসংখ্য হাদীস তাঁহার মুখস্থ ছিল। কয়েক সহস্র হাদীস তিনি ছাত্রদিগকে মুখস্থ শুনাইতে ও তাহাদিগকে লিখাইয়া দিতেন। এইজন্য তাঁহাকে কখনো কিতাব দেখিতে হইত না। তিনি নিজেই বলিয়াছেনঃ

আমি যাহা কিছু শুনি, তাহা সই মুখস্থ করিয়া লই এবং যাহা মুখস্থ করি, তাহা আর কখনো ভুলিয়া যাই না।

তিনি ১৬১ হিজরী সনে জন্মগ্রহণ করেন ও হিঃ ২৩৮ সনে নিশাপুরে ৭৭ বৎসর বয়সে ইন্তেকাল কারেন।