hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৯

মক্কা

এই শহরেই রাসূলে করীম (ﷺ)-এর প্রতি ওহী নাযিল হইতে শুরু হইয়াছিল। এখানেই তাঁহাকে নবী ও রাসূলরূপে নিয়োজত নিয়োজিত করা হয়। অতঃপর নবী করীম (ﷺ) দীর্ঘ তেরোটি বৎসর প্রাণন্তকর সংগ্রাম ও দ্বন্দ্বের মধ্যে দিয়া এই শহরেই অতিবাহিত করিয়াছেন। সাহাবীদের যুগে এখানে ইলমে হাদীসের চর্চা অপেক্ষাকৃত কম ছিল। সাহাবীদের শেষ যুগ এবং তাবেয়ীন ও তাবে-তাবেয়ীনের আমলে এখানে বিশিষ্ট মুহাদ্দিসের আবাসকেন্দ্র ছিল। মুজাহিদ, আতা, সায়ীদ ইবনে যুবাইর, ইবনে আবূ মূলাইকা এখানেই বসবার করিতেন ও হাদীস লিক্ষাদানের কাজ করিয়াছেন। উত্তরকালে এখানে আবদুল্লাহ ইবনে আবূ নযীহ, ইবনে কাসিম, হানযালা ইবনে উয়াইনা, আবূ সুফিয়ান, ইবনে জুরাইজ এবং মুসলিম জঞ্জী, ফুযায়ল ইবনে উয়াইন, আবূ আবদুর রহমান মূকরী, আজরাকী, হুমাইদী ও সায়ীদ ইবনে মনসুর প্রমুখ খ্যাতনামা মুহাদ্দিস বসবাস করেন।

তৃতীয় হিজরী শতকে মক্কা শহরে ইলমে হাদীসের চর্চা যদিও মদীনার মত ব্যাপক ছিল না, তথাপি হাদীস প্রদীপ তখনো তথায় প্রজ্বলিত ছিল, তাহাতে সন্দেহ নাই। এই শতকে তথায় বেশ কিছু সংখ্যক মুহাদ্দিস জীবিত থাকিয়া হাদীস শিক্ষাদান ও প্রচারে ব্যস্ত ছিলেন। তারা হইতেছেনঃ

১। হাফেজ হালওয়ানী ইমাম আবূ মুহাম্মদ হাসান ইবন আলী ইবনে মুহাম্মদুল খাল্লাল। শেষ জীবন তিনি মক্কাতেই অতিবাহিত করেন। তিনি ‘মুহাদ্দিসে মক্কা’ নামে প্রখ্যাত হইয়াছিলেন। হাফেজ যাহবী তাঁহার সম্পর্কে লিখিয়াছেনঃ

তিনি হাদীসের গ্রন্হ সংকলন করিয়াছেন এবং এজন্য বহু কষ্ট ও শ্রম স্বীকার করিয়াছেন।

ইবনে আদী উল্লেখ করিয়াছেন যে, তিনি ‘কিতাবুস সুনান’ নামে হাদীসের একাখানি গ্রন্হ সংকলন করিয়াছিলেন। ২৪২ হিজরী সনে তিনি ইন্তেকাল করেন।

২। হাফেজ যুবায়র ইবনে বাক্কার- আবূ আবদুল্লাহ ইবনে আবূ বকর কুরায়শী। হাফেজ যাহবী তাঁহার সম্পর্কে আলোচনা শুরু করিয়াছেন এই বলিয়াঃ

হাদীসের ইমাম, হাফেজ, নসব বিশেষজ্ঞ ও মক্কার বিচারপতি।

তিনি ইমাম ইবনে মাজাহর ওস্তাদ। ২৫৬ হিজরীতে তিনি মক্কাতেই ইন্তেকাল করেন।

৩। হাফেয সালাম ইবনে শুবাইব- আবূ আবদুর রহমান আল-হুজুরী আল-মাসময়ী। আসলে তিনি ছিলেন নিশাপুরের অধিবাসী। পরে তিনি স্থায়ীভাবে মক্কায় বসবাস শুরু করেন। আবূ নয়ীম ইসফাহানী তাঁহার সম্পর্কে বলেনঃ

তিনি অন্যতম নির্ভরযোগ্য হাদীস বর্ণনাকারী, বহু ইমাম ও প্রথম পর্যায়ের লোকেরা তাঁহার নিকট হইতে হাদীস বর্ণনা করিয়াছেন।

হাকেম লিখিয়াছেনঃ

তিনি মক্কাবাসীদের মুহাদ্দিস, তাঁহার সততা ও ইলমের গভীরতা সম্পর্কে সকলেই একমত।

তিনি ২৪৬ হিজরী সনে ইন্তোকল করেন।

৪। হাফেজ ইয়াকুব ইবনে হুমাইদ- প্রথমে মদীনার বাসিন্দা ছিলেন, পরে মক্কায় বসবাস করিতে থাকেন। হাফেজ যাহবী তাঁহার সম্পর্কে লিখিয়াছেনঃ

হাদীসের ইমাম, পারদর্শী মুহাদ্দিস, মদীনার আলিম, মক্কায় অবস্থানকারী।

ইমাম বুখারী তাঁহার ছাত্র। ২৪১ হিজরী সনে তিনি ইন্তেকাল করেন।

এই চারজন ছিলেন হাদীসের হাফেজ। এতদ্ব্যতীত হাদীসের শিক্ষক শায়খ ছিলেন অনেক।