hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৮

মদীনা

মদীনা বিশ্বনবীর কর্মজীবনের শেষ ভাগের কেন্দ্রস্থান দারুল হিজরাত; নবুয়্যাতী ইলম- এর আকর ও উৎস হইবার গৌরব কেবলমাত্র এই শহরের ভাগ্যলিপি। এ কারণে এই শহরের অপর নাম হইতেছে দারুস-সুন্নাত এবং ইহা যে খুবই উপযুক্ত নাম তাহাতে কোনই সন্দেহ থাকিতে পারে না।

নবী করীম (ﷺ)-এর সময় হইতে হযরত আলী (রা)-এর খিলাফতকাল পর্যন্ত ইহাই ছিল সমগ্র মসলিম জাহানের জ্ঞান ও কর্মের কেন্দ্রস্থল। উত্তরকালে ইমাম মালিক (র)-এর সময় পর্যন্ত ইহার এই মর্যাদা অক্ষুণ্ন ছিল। শেষ পর্যন্ত এই শহরের অধিবাসী ছিলেন নাফে; ইবরাহীম ইবনে সায়াদ; সুলায়মান ইবনে বিলাল ও ইসমাঈল ইবনে জাফর।

তাঁহাদেরও পরে ছিলেন হাফেয আবূ মুসয়িব যুহরী, হাফেয ইবরাহীম ইবনুল মুসযির এবং হাফেয ইসহাক ইবনে মুসা আল-আনাসারী।

হাফেয আবূ মুসয়িব যুহরী সম্পর্কে হাফেজ যাহবী লিখিয়াছেনঃ

তিনি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য একজন হাদীস বর্ণনাকারী, মদীনাবাসীদের জন্য হাদীসের উস্তাদ, বিচারপতি এবং মুহাদ্দিস।

তিনি ১৫০ হিরজী সনে জন্মগ্রহণ করিয়াছিলেন এবং ২৪২ হিজরী সনে ইন্তেকাল করেন। ইমাম নাসায়ী ব্যতীত সিহাহ-সিত্তার অপর পাঁচজন প্রণেতারই তিনি ওস্তাদ ছিলেন।

হাফেজ ইবরাহীম সম্পর্কে যাহবী লিখিয়াছেনঃ

হাদীসের ইমাম বড় মুহাদ্দিস এবং নির্ভরযোগ্য হাদীস বর্ণনাকারী।

তিনি ইমাম বুখারী ও ইমাম নাসায়ীর উস্তাদ ছিলেন। হিজরী ২৩৬ সনে মদীনায় ইন্তেকাল করেন।

হাফেজ ইসহাক সম্পর্কে যাহবী বলিয়াছেনঃ

ফিকাহবিদ, হাদসের হাফেজ এবং নির্ভরযোগ্য হাদীস বর্ণনাকারী।

তিনি ইমাম মুসলিম, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাযাহর হাদসের ওস্তাদ ছিলেন। ২৪৪ সনে তাঁহার ইন্তেকাল হয়।

এই তিনজনই হাদীসের বড় হাফেজ ও উস্তাদ ছিলেন। তাঁহাদের ছাড়াও বাকর ইবনে আবদুল ওহহাব মাদানী (মৃঃ ২৫০ হিঃ) হাসান ইবনে দাউদ (মৃঃ ২৪৭ হিঃ) ও মুহাম্মদ ইবনে উবায়দ মাদানী উল্লেখযোগ্য মুহাদ্দিস ছিলেন।