hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৩

চতুর্থ শতকে ইলমে হাদীস

হিজরীর চতুর্থ শতকে ইলমে হাদীস পূর্ণ পরিণতি লাভ করে। তৃতীয় শতকে ইলমে হাদীসের যে চর্চা ও উন্নয়ন সাধিত হয়, তাহা অতীত সকল কাজকে অতিক্রম করিয়া যায়। এই শতকেই অনেক বড় বড় মুহাদ্দিস, হাদীসের হাফেজ ও হাদীস বিজ্ঞানের ইমাম আবির্ভূত হন। বিশ্ব-বিশ্রুত ছয়খানি সহীহ হাদীস গ্রন্হেও এই শতকেই গ্রন্হাবদ্ধ হয় এবং সহীহ হাদীসসমূহ প্রায় সবই এই গ্রন্হাবলীতে সন্নিবদ্ধ হয়। প্রত্যেক হাদীসের সনদ, সনদে উল্লিখিত প্রত্যেক বর্ণনাকারীর জীবন-ইতিহাস ও চরিত্র সম্পর্কে বিস্তারিত ও পুংখানুপুংখ আলোচনা সম্বলিত বহু সংখ্যক গ্রন্হ এই শতকেই বিরচিত হয়। ফলে ইলমে হাদীস সর্বোতভাবে এক স্বয়ংসম্পুর্ণ বিজ্ঞান হিসাবে গড়িয়া উঠে।

চতুর্থ শতকে পূর্ব শতকেরই কাজ কর্মেরই জের চলিতে থাকে। তবে হাদীসগ্রন্হ প্রণয়নে এই শতকে স্বতন্ত্রভাবে কোন কাজই সম্পাদিত হয় নাই এমন নহে। এই পর্যায়ে যাহা কিছু হইয়াছে তাহা প্রায় সবই পূর্ববর্তী হাদীসবিদদের নিকট হইতে প্রাপ্ত ও সংরক্ষিত হাদীসসমূহের ভিত্তিতে নূতন হাদীসগ্রন্হ প্রণয়ন করা মাত্র। উপরন্তু তাহাতে সহীহ ও যয়ীফ হাদীসের মধ্যে পার্থক্য করার কাজও বিশেষ সতর্কতা সহকারে সম্পাদিত হয়।

এই শতকের অনেক মুহাদ্দিসই পূর্ববর্তীদের গ্রন্হাবলীতে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে রক্ষিত হাদীসসমূহ সংগ্রহ করেন। উহাতে দীর্ঘ সনদ-সূত্রসমূহকে সংক্ষিপ্ত করা হয়। উহার সজ্জায়ন ও সংযোজনের কাজ পূর্ণ দক্ষতার সহিত সম্পন্ন করা হয়। তাঁহাদের প্রায় সকলেরই কাজ পূর্বগামী মুহাদ্দিসের কাজের ভিত্তিতে অনুষ্ঠিত হয়।

কিন্তু তবুও এই শতকে এমন কয়েকজন বড়বড় মুহাদ্দিসের আবির্ভাব ঘটে, যাঁহারা স্বাধীনভাবে পূর্বগামীদের রীতি অনুযায়ী স্বতন্ত্র হাদীস গ্রন্হ প্রণয়ন করেন। হাদীস বর্ণনা ও সনদ-সূত্র সন্ধানে তাঁহাদের গভীর পাণ্ডিত্য বর্তমান ছিল।

তাঁহাদের সম্পর্কে এখানে সংক্ষিপ্ত আলোচনা পেশ করা যাইতেছেঃ