hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৯

ইমাম শা’বী

ইমাম শা’বী তাঁহার সময়কার অনন্য শ্রেষ্ঠ হাদীসবিদ তাবেয়ী। তিনি যখন পূর্ণ বয়স্ক হন তখন কূফা নগরে বিপুল সংখ্যক সাহাবী জীবিত ও বর্তমান ছিলেন। তাঁহাদের নিকট তাঁহার নিয়মিত যাতায়াত ছিল। জীবনে তিনি প্রায় পাঁচশত সাহাবীর সহিত সাক্ষাত লাভের সৌভাগ্য অর্জন করিয়াছিলেন। তন্মধ্যে ৪৮ জন সাহাবীর নিকট হইতে তিনি রীতিমত হাদীস শিক্ষালাভ করিয়াছেন।

হযরত আবদুল্লাহ ইবনে উমরের খিধমতে একাদিক্রমে দশ মাস পর্যন্ত থাকিয়া তিনি হাদীসের গভীর ও ব্যাপক শিক্ষা লাভ করিয়াছিলেন।

এই হাদীস শিক্ষালাভ ও সংগ্রহ করার জন্য তাঁহাকে প্রাণান্তকর পরিশ্রম ও কষ্ট স্বীকার করিতে হইয়াছে। তিনি কেমন করিয়া হাদীসের এই জ্ঞান-সমুদ্র আয়ত্ত করিয়াছিলেন, তাহা জিজ্ঞাসা করা হইলে তিনি বলিয়াছিলেনঃ সমস্ত চিন্তা –ভাবনা পরিত্যাগ করিয়া, দেশ-দেশান্তর পর্যটন করিয়া, গর্দভের ন্যায় শক্তি ব্যয় ও কাকের মত প্রত্যুষ জাগরণ সহ্য করিয়া।

হাদীসে তাঁহার জ্ঞান যে কত ব্যাপক ও গভীর ছিল, তাহা তাঁহার নিজেরই একটি কথা হইতে প্রমাণিত হয়। তিনি বলিয়াছেনঃ

বিশ বৎসর পর্যন্ত আমি কাহারো নিকট হইতে এমন কোন হাদীস শুনিতে পাই নাই, সে সম্পর্কে আমি হাদীসের সেই বর্ণনাকারী অপেক্ষা অধিক ওয়াকিফহাল ছিলাম না।

তিনি ইমাম আবূ হানীফার কেবল উস্তাদই ছিলেন না, হাফেয যাহবীর মতে তিনি আবূ হানীফার প্রধান উস্তাদ ছিলেন।

[ঐ]