hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬২

আতা ইবনে আবূ বিরাহ

তিনি ছিলেন হাবশী গোলাম। কিন্তু ইলম ও আমল, তাকওয়া ও পরহেযগারীর দিক দিয়া তিনি সৈয়দ বংশের তাবেয়ীদের মধ্যে গণ্য হইতেন।

কুরআন, হাদীস, ফিকাহ প্রভৃতি জরুরী দ্বীনী ইলমে তিনি বিশেষ বুৎপত্তি লাভ করিয়াছিলেন। ইবনে সায়াদের ভাষায়ঃ

তিনি ফিাকহ জ্ঞানসম্পন্ন ও অধিক হাদীস বর্ণনাকারী ছিলেন। তিনি লোকদিগকে কুরআন শিক্ষা দিতেন।

তিনি ছিলেন হাদীসের প্রখ্যাত হাফেজ। ঐতিহাসিক যাহবী তাঁহাকে প্রথম শ্রেণীর হাফেযে হাদীসের মধ্যে গণ্য করিয়াছেন। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে আমর, ইবনে যুাবায়র, মু’আবিয়া, উসামা ইবনে যায়দ, জাবির ইবনে আবদুল্লাহ, যায়দ ইবনে আরকাম, আবদুল্লাহ ইবনে সায়েব, রাফে ইবনে খাদীজ, আবূ দারদা, আবূ সায়ীদ খদরী, আবূ হুরায়রা ও হযরত আয়েশা (রা) প্রমুখ প্রখ্যাত সাহাবী হইতে তিনি বিপুল সংখ্যক হাদীস আহরণ করেন।

তিনি হাদীসের প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করিতেন। হাদীস বর্ণনার মাঝখানে অন্য কোন কথা বলা তিনি আদৌ পছন্দ বা বরদাশত করিতেন না।

ইমাম বাকের (রা) লোকদিগকে এই বলিয়া উৎসাহদান করিতেন যে, তোমরা যত পার আতা’র নিকট হইতে হাদীস গ্রহণ কর।