hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৭

ইমাম আবূ ইউসূফ (র)

ইমাম আবূ ইউসূফ (র) যদিও ইলমে ফিকাহর একজন প্রসিদ্ধ বিশেষজ্ঞ ও ইমাম হিসাবেই প্রখ্যাত; কিন্তু হাদীস-জ্ঞানের দিক দিয়াও তিনি অপর কাহারো অপেক্ষা কিছুমাত্র পশ্চাদপদ ছিলেন না। আল্লাহ তাঁহাকে অনন্যসাধারণ স্মরণশক্তি দান করিয়াছিলেন। তিনি যখনই হাদীসের উস্তাদের নিকট হইতে হাদীস শ্রবণ করিতে থাকিতেন, তখনই তাঁহার হাদীস মুখস্থ হইয়া যাইত। এমন কি, একই বৈঠকে পঞ্চাশ-ষাটটি হাদীস পূর্ণ সনদসহ শ্রবণ করিয়া একবারেই তিনি মুখস্থ বলিতে পারিতেন। ইমাম যাহবী তাঁহাকে হাদীসের বড় বড় হাফেযদের মধ্যে গণ্য করিয়াছেন। হাফেয ইবনে হাজার আল-আসকালানী উল্লেখ করিয়াছেন যে, একবার তিনি অসুস্থ ও রোগাক্রান্ত হইয়া পড়েন। এই অবস্থায় শ্রেষ্ঠ হাফেযে হাদীস সুফিয়ান ইবনে উয়াইনা তাঁহাকে চল্লিশটি হাদীস শোনান। এই হাদীসসমূহ সঙ্গে সঙ্গেই তাঁহার মুখস্থ হইয়া যায় এবং সুফিয়ানের চলিয়া যাওয়ার পর তিনি তাহা সবই তাঁহার নিকট উপস্থিত অন্যান্য লোকদিগকে মুখস্থ পড়িয়া শোনাইয়া দেন। ইহাতে উপস্থিত সকল লোকই স্তম্ভিত ও বিস্মিত হয়।

হাদীষ শিক্ষার উদ্দেশ্যে তিনি জন্মস্থান কূফা নগরের মুহাদ্দিসীনের নিকট শিক্ষা সমাপ্ত করিয়া মদীনা যাত্রা করেন এবং তথায় ইমাম মালিকের ছাত্র আসাদ ইবনে ফুরাত সাকালবীর নিকট হইতে ইমাম মালিক সংকলিত ‘মুয়াত্তা’ গ্রন্হ আদ্যোপান্ত শ্রবণ করেন।

ইমাম আবূ ইউসূফ হাদীস শিক্ষার জন্য উস্তাদের নিকট শ্রুত হাদীস কখনো লিখিয়া লইতেন না; বরং একবার শ্রবণের সঙ্গে সঙ্গে তাহা সম্পূর্ণ মুখস্থ করিয়া লইতেন। কিন্তু তাঁহার সহপাঠিগণ বারবার শ্রুত হাদীসসমূহ লিখিয়া লইতেন। শুধু তাহাই নয়, লিখিত হাদীসকে অনেক সময়ই তাঁহাদিগকে ইমাম আবূ ইউসূফের জবানীতে শুনিয়া শুদ্ধ ও সংশোধন করিয়া লইতে হইত।

হাদীস ও তৎসংশ্লিষ্ট অন্যান্য জ্ঞানে তিনি ছিলেন একজন ইমাম।

হাদীস শিক্ষার জন্য তাঁহার আগ্রহ, উৎসাহ ও উদ্যম এতই তীব্র ছিল যে, একদিকে তিনি ইমাম আবূ হানীফার দরবারে উপস্থিত থাকিয়া ফিকাহ সম্পর্কে জ্ঞান লাভ করিতেন; আর সেখান হইতে উঠিয়াই তিনি মুহাদ্দিসের নিকট হাদীস শিক্ষা করার উদ্দেশ্যে চলিয়া যাইতেন। এইভাবে অপরিসীম সাধনা ও অক্লান্ত পরিশ্রমের পরেই তিনি ইলমে হাদীসে বিরাট বিশেষজ্ঞ হইতে পারিয়াছিলেন।

[এই আলোচনা মাওলানা মুজীবুল্লাহ নদভী লিখিত গ্রন্হ হইতে সংগৃহীত।]