hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৪

ইমাম লাইস ইবনে সায়াদ (র) (জন্ম ৯৪ হিজরী মৃত্যু ১৬৫ হিঃ)

ইমাম লাইস তাবে-তাবেয়ীন ছিলেন। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করিয়াই তিনি হাদীস শিক্ষার প্রতি মনোনিবেশ করেন। তিনি হযরত আবদুল্লাহ ইবনে উমরের বিশেষভাবে লালিত ও শিক্ষাপ্রদত্ত প্রসিদ্ধ তাবেয়ী নাফের নিকট হাদীস শিক্ষার জন্য উপস্থিত হন। তাঁহার নিকট হইতে তিনি যত হাদীস শ্রবণ ও সংগ্রহ করিয়াছিলেন তাহার সব একটি সংকলনে লিপিবদ্ধ করিয়া লইয়াছিলেন। এতদ্ব্যতীত তিনি ইমাম যুহরী, সায়ীদুল মুকবেরী, আবদুল্লাহ ইবনে আবূ মূলাইকা, ইয়াহইয়া আল-আনসারী ও আবূ যুবায়র প্রমুখ তাবেয়ীর নিকট হইতেও হাদীস শ্রবণ ও সংগ্রহ করেন। ইমাম নববী ইমাম লাইসের কয়েকজন বিশিষ্ট উস্তাদের নাম উল্লেখ করার পর লিখিয়াছেনঃ

তাঁহাদের ছাড়া তিনি আরো এত বিপুল সংখ্যক ইমামে হাদীসের নিকট হইতে হাদীস শিক্ষা ও শ্রবণ করিয়াছেন যাহাদের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়।