hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮০

ইমাম ইবনে জুরাইজ (র)

ইবনে জুরাইজ যখন জন্মগ্রহণ করেন (৮০ হিজরী), তখন বহু সংখ্যক সাহাবী জীবতি ছিলেন। প্রথম হইতেই তাঁহাদের সংস্পর্শে আসিতে পারিলে তিনি তাবেয়ীদের মধ্যে গণ্য হইতেন। কিন্তু তাঁহাদের নিকট হইতে তিনি ‘ইলম’ হাসিল করিতে পারেন নাই। এই কারণে তিনি তাবে-তাবেয়ীদের মধ্যে গণ্য হন।

এই সময় মক্কা নগরে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা)-এর বিশিষ্ট ছাত্র আতা ইবনে আবূ রিবাহ হাদীস শিক্ষাদানে নিযুক্ত ছিলেন। প্রাথমিক প্রয়োজনীয় শিক্ষা অর্জনের পর একাদিক্রমে সতেরো বৎসর পর্যন্ত তাঁহার সংস্পর্শে থাকিয়া হাদীস শিক্ষা করেন।

অতঃপর মুসলিম জাহানের প্রায় সকল প্রখ্যাত ইমামে হাদীস-এর নিকট হইতে তিনি হাদীস শিক্ষা করেন। আতা ইবনে আবূ রিবাহর ন্যায় আমর ইবনে দীনারের খিদমতেও তিনি দীর্ঘদিন থাকিয়া হাদীস শিক্ষা ও সংগ্রহ করেন। এই সব কারণে ইমাম ইবনে জুরাইজ হাদীস জ্ঞানে এক বিশেষ মর্যাদার অধিকারী হন। তাঁহার বর্ণিত হাদীস হাদীসের বড় বড় মনীষীর নিকট গ্রহণযোগ্য হইয়াছে। তাঁহার সংগ্রহীত হাদীসসম্পদ লিখিত আকারে তাহার নিকট বর্তমান ছিল।