hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৪

ইমাম ইবনে মাজাহ (র)

ইমাম ইবনে মাজাহর পূর্ণ নাম আবূ আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়যিদ ইবনে আবদুল্লাহ ইবনে মাজাহ আল কাজভীনী। হাদীস, তাফসীর ও ইতিহাস সম্পর্কে তিনি অতীব বড় আলিম ছিলেন।

তিনি ২০৯ হিজরী সনে (৮২৮ খৃঃ) ‘কাজভীন’ নামক স্থানে জন্মগ্রহণ করেন।

এই শহর তৃতীয় খলীফা হযরত উসমান (রা)-এর সময় বিজিত হওয়ার পর হইতেই ইসলামী জ্ঞানে-বিজ্ঞানের কেন্দ্র হিসাবে গণ্য। তৃতীয় হিজরী শতকের শুরু হইতেই ইহা ইলমে হাদীসের চর্চায় বিশেষ উৎকর্ষ লাভ করে; ফলে ইবনে মাজাহ বাল্যকাল হইতেই হাদীস শিক্ষার অপূর্ভ সুযোগ লাভ করেন। এই সময় কয়েকজন বড় বড় মুহাদ্দিস কাজভীন শহরে হাদীসের দারস দিতেন। তন্মধ্যে তিনি আলী ইবনে মুহাম্মদ আবুল হাসান তানাফেসী (মৃঃ ২৩৩ হিঃ), আমর ইবনে রাফে’ আবূ হাজার বিযলী (মৃঃ ২৩৮ হিঃ), ইসমাঈল ইবনে তওবা আবূ সাহল কাজভীনী (মৃঃ ২৪৭ হিঃ), হারুন ইবনে মূসা ইবনে হায়ান তামীমী (মৃঃ ২৮৮ হিঃ) এবং মুহাম্মদ ইবনে আবূ খালেদ আবূ বকর কাজভীনী প্রমুখ বড় বড় মুহাদ্দিসের নিকট হইতে হাদীস শিক্ষা ও গ্রহণ করেন।

অতঃপর তিনি মদীনা, মক্কা, কূফা, বসরা, বাগদাদ, ওয়াসাত, দামেশক, হিমস, মিসর, তিন্নীস, ইসফাহান, নিশাপুর প্রভৃতি হাদীসের কেন্দ্র স্থানসমুহ সফর করিয়া হাদীস শিক্ষা ও সংগ্রহ করেন। তাঁহার হাদীসের উস্তাদ অগণিত। তাঁহার নিকট হইতেও বিপুল সংখ্যক হাদীস-শিক্ষাথী হাদীস গ্রহণ করিয়াছেন।

তিনি বহু গ্রন্হ প্রণয়ন করিয়াছেন। হাদীসের ভিত্তিতে কুরআন মজীদের একখানি বিরাট তাফসীর গ্রন্হও তিনি রচনা করেন। ‘তারিখে মলীহ’ তাঁহার অপর একখানি উল্লেখযোগ্য গ্রন্হ। ইহাতে সাহাবাদের যুগ হইতে গ্রন্হাকারের সময় পর্যন্ত বিস্তারিত ইতিহাস আলোচিত হইয়াছে। হাদীসে তাঁহার গ্রন্হ ‘আস সুনান’ সুবিখ্যাত ও সিহাহ সিত্তার অন্তর্ভূক্ত এক বিরাট কিতাব। তিনি ২৭৩ হিজরী সনে (৮৮৬ খৃঃ০ সোমবার ৬৪ বৎসর বয়সে ইন্তেকাল করেন।