hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

প্রশ্ন : ১০) নারীদের সলাত এবং পুরুষদের সলাতে কোন পার্থক্য আছে?

ইসলামে মহিলা ও পুরুষে সলাতে কোন পার্থক্য নেই। কিয়াম (দাঁড়ানো), রুকু, সিজদা, জলসায় (বৈঠকে) মহিলা ও পুরুষের জন্য একই নিয়ম। বাংলাদেশে মহিলারা যে নিয়মে রুকু, সিজদা এবং বৈঠক করেন তা রসূল (ﷺ) -এর দেখানো নিয়ম নয়।

“আল্লাহ ও তাঁর রসূল যখন কোন কাজের নির্দেশ প্রদান করে তখন কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর ঐ নির্দেশের ব্যতিক্রম করার কোন অধিকার থাকে না; আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রসূলের কথা অমান্য করল, সে স্পষ্টতই পথভ্রষ্ট হয়ে গেল।” (সূরা আহযাব : ৩৬) যদি আমরা উপরের এই আয়াতটি সঠিকভাবে বুঝে থাকি, তবে আমাদেরকে নিমের হাদীসটি অবশ্যই মানতে হবে। রসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা ঠিক সেভাবে সলাত আদায় কর যেভাবে আমাকে আদায় করতে দেখ। (সহীহ বুখারী)

উপরের এই হাদীসে রসূল বলেন নাই যে পুরুষরা আমার মতো করে সলাত আদায় করবে এবং নারীরা আয়িশা (রা.)-র মতো সলাত আদায় করবে। বরং তিনি পুরুষ ও মহিলা সকলকেই বলেছেন তাঁর মতো সলাত আদায় করতে। সহীহ বুখারীর বর্ণনা অনুসারে রসূল (ﷺ)-এর একজন স্ত্রী সাওদা (রা.) বলেছেন যে, “রসূল (ﷺ) যেভাবে সলাত আদায় করতেন আমরাও (অর্থাৎ নারীরাও) ঠিক সেভাবে সলাত আদায় করতাম।

পুরুষ ও মহিলাদের সলাতের মধ্যে পদ্ধতিগত কোন পার্থক্য নেই। সলাতে নারীরা পুরুষদের অনুগামী। (মির’আত ৩/৫৯, নায়ল ৩/১৯) মসজিদে নববীতে নারী ও পুরুষ সকলে রসূল (ﷺ) -এর পিছনে একই নিয়মে পাঁচ ওয়াক্ত সলাত ও জুমু'আ আদায় করেছেন। (সহীহ বুখারী, সহীহ মুসলিম)

মহিলাদের রুকু :

যে ব্যক্তি রুকু ও সিজদায় স্বীয় মেরুদন্ড সোজা করে না, তিনি (রসূলুল্লাহ (ﷺ)) সেই সলাতকে বাতিল বলে ফায়সালা দিতেন কারণ সেই ব্যক্তি হচ্ছে একজন সলাত চোর। (আহমাদ)।

রসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেছেন : ঐ ব্যক্তির সলাত যথার্থ হবে না যতক্ষণ না সে রুকু ও সিজদাতে তার পিঠ সোজা রাখে। (আবু দাউদ, তিরমিযী)

মহিলাদের সিজদা:

অনেক মহিলা সিজদায় গিয়ে মাটিতে নিতম্ব রাখেন। এই মর্মে ‘মারাসীলে আবু দাউদে বর্ণিত হাদীসটি নিতান্তই যঈফ (দুর্বল)। এর ফলে সিজদার সুন্নাতী তরীকা বিনষ্ট হয়। সিজদা হল সলাতের অন্যতম প্রধান ‘রুকন’। সিজদা নষ্ট হলে সলাত বিনষ্ট হবে।

আর মহিলাদের জড়সড় হয়ে সিজদাহ করার ব্যাপারে কোন হাদীস সহীহ নয়। (সিলসিলাহ জয়ীফাহ) এ জন্যই ইবরাহীম নাখয়ী (রহ.) বলেছেন, সলাতে মহিলা ঐরূপই করবে, যেরূপ পুরুষ করে থাকে।' (সিফাহ স্বালাতিন নবী)

রসূল (ﷺ) সিজদার সময় দুই বাহু দূরে সরিয়ে রেখে বগল ফাঁকা করে রাখতেন। ইচ্ছে করলে দুই বাহুর এই ফাঁক দিয়ে ছোট ছাগল ছানা দৌড়ে যেতে পারতো। (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)

তাই সিজদার সময় বুক হাঁটুর সঙ্গে চেপে রাখা যাবে না। বরং সিজদা লম্বা করে দিতে হবে যাতে পিঠ সোজা হয়ে থাকে এবং পেটের নিচ দিয়ে ছোট ছাগল ছানা পার হয়ে যাওয়ার মতো জায়গা ফাঁকা থাকে।

রসূল (ﷺ) বলেছেন : তোমরা সিজদা অবস্থায় বাহু দু’টি কুকুরের মত বিছিয়ে। রাখবে না। (সহীহ বুখারী, সহীহ মুসলিম)

মহিলাদের বৈঠক/জলসাঃ

উম্মে দারদা (রা.) তাঁর সলাতে পুরুষের মতই বসতেন। তিনি একজন ফীকাহবিদ ছিলেন। (আত-তারীখুস সগীর, সহীহ বুখারী ৯৫ পৃঃ, সহীহ বুখারী ফাতহুল বারী, ইবনে হাজার ২/৩৫৫)।