hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৮

প্রশ্ন : ১৭৬) অসুস্থতার কারণে যদি কোন নারীর রক্তস্রাব নির্গত হতেই থাকে, তবে কিভাবে সে সলাত ও সিয়াম আদায় করবে?

এই নারীর অসুখ শুরু হওয়ার পূর্বে তথা গত মাসে তার ঋতুর যে দিন তারিখ নির্দিষ্ট ছিল, সেই নির্দিষ্ট দিন সমূহে সে নিজেকে ঋতুবতী হিসেবে গণ্য করে সলাত-সিয়াম প্রভৃতি থেকে বিরত থাকবে। উদাহরণ স্বরূপ বিগত মাসগুলোর প্রথম দিকে তার ছয়দিন ঋতু ছিল, তারপর এক সময় তার অসুখ শুরু হয়েছে, এক্ষেত্রে সে প্রত্যেক মাসের প্রথম দিকে ছয় দিন অপেক্ষা করবে এবং সলাত সিয়াম থেকে বিরত থাকবে। এ দিন সমূহ শেষ হলেই গোসল করে সলাতসিয়াম আদায় করবে। এ নারী বা তার মত নারীদের সলাতের পদ্ধতি হচ্ছে,

ক) ফরয সলাতের সময় হওয়ার পর পূর্ণাঙ্গরূপে লজ্জাস্থান ধৌত করবে।

খ) তারপর সেখানে প্যাড জাতীয় কোন কিছু বেঁধে নেবে।

গ) এরপর ওযূ করবে এবং সলাত আদায় করবে।

সলাতের সময় উপস্থিত হওয়ার পূর্বে এরূপ ওযূ ইত্যাদি কাজ করবে না। ফরয। সলাতের সময় ব্যতীত অন্য সময় নফল সলাত পড়তে চাইলেও এভাবে ওযু ইত্যাদি করবে।

এ অবস্থায় যেহেতু বারবার এতকাজ করা তার জন্য কষ্টসাধ্য ব্যাপার, তাই দু’সলাতকে একত্রিত করা জায়িয। যোহরের সাথে আসরের সলাত আদায় করে নিবে বা আসরের সাথে যোহরের সলাতকে আদায় করবে। এবং মাগরিবের সাথে ইশার সলাত আদায় করবে অথবা ইশার সময় মাগরিব ও ইশার সলাত আদায় করবে। যাতে করে তার একবারের পরিশ্রম দু’সলাত যোহর ও আসরের জন্য যথেষ্ট হয় এবং দ্বিতীয়বারের পরিশ্রম মাগরিব ও ইশার জন্য যথেষ্ট হয়। আর একবার ফযর সলাতের জন্য। অর্থাৎ- পাঁচবার পাঁচ ওয়াক্ত সলাতের জন্য লজ্জাস্থান ধৌত করা, প্যাড বাঁধা, ওযূ করা প্রভৃতি কষ্টকর বিষয়। তাই এর পরিবর্তে তিনবারেই একাজ আদায় হয়ে যাবে। কষ্টও অনেক লাঘব হবে। (আল্লাহই তাওফীক দাতা ও তিনিই অধিক জ্ঞাত আছেন)