hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৬

প্রশ্ন : ৬২) একজন নারী হিসেবে আমার চারিত্রিক ভালমন্দের বিচার করবো কীভাবে?

ইসলাম একদিকে যেমন আমাদের চরিত্রের ভালমন্দের মাপকাঠি দিয়েছে, অন্যদিকে বিশ্ব-প্রকৃতি ও মানব সম্পর্কীয় ধারণা এবং আমাদের চরিত্রের ভালমন্দ সম্পর্কে জ্ঞান লাভ করার স্থায়ী ও পূর্ণাঙ্গ উপায় দান করেছে। আমাদের চরিত্র সম্বন্ধীয় জ্ঞান লাভ করার জন্য শুধু মানব-বুদ্ধি কিংবা প্রবৃত্তি। কিংবা নিছক অভিজ্ঞতা অথবা মানুষের অর্জিত বিদ্যার উপরই একান্তভাবে নির্ভর করতে বলে নাই। কারণ তা হলে এই সবের পরিবর্তনশীল সিদ্ধান্ত অনুসারে আমাদের নৈতিক বিধি-নিষেধগুলিও চিরদিনই পরিবর্তিত হয়ে যেত এবং কোন একটি কেন্দ্রে স্থায়ী হয়ে দাঁড়ানো উহার পক্ষে কখনই সম্ভব হতো না।

বস্তুতঃ ইসলাম আমাদের একটা সুনির্দিষ্ট ‘উৎস’ দান করেছে, এটা হতে আমরা প্রত্যেক যুগেই এবং প্রত্যেক অবস্থাতেই প্রয়োজনীয় নৈতিক বিধান লাভ করতে পারি - সেই উৎস হচ্ছে আল্লাহর কুরআন এবং রসূল (ﷺ) -এর হাদীস। কুরআন এবং হাদীস দ্বারা আমরা এমন একটা ব্যাপক বিধান লাভ করতে পারি, যা মানুষের পারিবারিক জীবনের খুঁটিনাটি ব্যাপার হতে শুরু করে আন্তর্জাতিক পর্যায় বিরাট বিরাট সমস্যা পর্যন্ত জীবনের প্রত্যেকটা দিক ও প্রত্যেকটা শাখাপ্রশাখা সম্পর্কে আমাদের সুস্পষ্ট নির্দেশ দিতে পারে। মানব-জীবনের বিপুল কাজকর্মের ব্যাপারে ইসলামের এই নৈতিক বিধান এমন সুন্দর সামঞ্জস্য সৃষ্টি করতে পারে যে, কোন অবস্থায়ই এবং কোন কাজের নির্দেশ লাভ করার জন্য। আমাদের অন্য কোন উৎস’রই মুখাপেক্ষী হতে হয় না।