hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৩

প্রশ্ন : ১৭১) ঋতু বন্ধ করার জন্য ঔষধ (ট্যাবলেট) ব্যবহার করার বিধান কি?

ঋতু বন্ধ করার জন্য ঔষধ (ট্যাবলেট) ব্যবহার করলে স্বাস্থ্যগত দিক থেকে কোন ক্ষতির সম্ভাবনা না থাকলে, তাতে কোন অসুবিধা নেই। তবে তাতে স্বামীর অনুমতি থাকতে হবে। কিন্তু এ সমস্ত ঔষধ নারীর জন্য ক্ষতিকারক। একথা সবার জানা যে, মাসিকের রক্ত প্রবাহিত হওয়াটা খুবই স্বাভাবিক। আর সময় মত স্বাভাবিক বিষয়ের গতিতে বাধা দিলে সেখানে অবশ্যই ক্ষতির আশংকা থাকে। নারীর শরীরে তার ক্ষতিকর প্রভাবও লক্ষ্য করা যায়। তাছাড়া ইহা ব্যবহার করলে অনেক সময় নারীর স্বাভাবিক মাসিক বাধাগ্রস্থ হয় এবং সে পেরেশানী ও সন্দেহের মধ্যে পতিত হয়। সলাত-সিয়াম ও স্বামীর সাথে সহবাসের ক্ষেত্রে অসুবিধার সম্মুখিন হয়।

এ জন্য এটা বলা যাবে না যে এটা হারাম। কিন্তু নারীর ক্ষতির দিক চিন্তা করে বলি, এটা ব্যবহার করা উচিত নয়।

আল্লাহ নারীর জন্য যা নির্ধারণ করে দিয়েছেন, তাতেই তার সন্তুষ্ট থাকা উচিত। বিদায় হজ্জে নবী (ﷺ) উম্মুল মু'মেনীন আয়িশা (রা.)-এর ঘরে গিয়ে দেখেন। তিনি কাঁদছেন। তখন আয়িশা (রা.) উমরার ইহরাম বেঁধেছিলেন। তিনি তাঁকে বললেন, “কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আয়িশা (রা.) বললেন, আমি বললাম, আল্লাহর শপথ এ বছর আমি হাজ্জ না করলেই ভাল হত। তিনি বললেন, সম্ভবতঃ তুমি ঋতুবতী হয়ে গেছো? আমি বললাম, হ্যা। নবী (ﷺ) বললেন, এটা এমন এক বিষয় যা আল্লাহ তা'আলা আদম সন্তানের মেয়েদের জন্য লিখে দিয়েছেন। (সুতরাং দুঃখ করার কিছু নেই।) (সহীহ বুখারী, সহীহ মুসলিম) অতএব নারীর উচিত হচ্ছে, এ সময় ধৈর্যধারণ করা। ঋতুর কারণে সলাত-সিয়াম করতে না পারলে তো আল্লাহর যিকিরের দরজা উন্মুক্ত রয়েছে। তাসবীহ-তাহলীল করবে, দান-সদকা করবে, মানুষের সাথে সদাচরণ করবে, কথা-কাজে মানুষের উপকার করার চেষ্টা করবে, ইত্যাদি কাজ তো সুন্দর ও অত্যাধিক ফযীলতপূর্ণ আমল।