hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩০

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু খলিফা হয়েও ব্যবসা করতে যান

আমরা জানি যে, হযরত আবু বকর সিদ্দীক একজন ব্যবসায়ী ছিলেন। তিনি প্রতিদিন সকালে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে যেতেন। অতঃপর যখন তিনি মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হন, তখনও তিনি ব্যবসার কাপড় কাঁধে নিয়ে বাজারে যান। পথিমধ্যে ওমর এবং আবু উবায়দা - এর সাথে সাক্ষাত হলে তারা উভয়ে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূলের খলিফা! আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, বাজারে যাচ্ছি।

তারা পুণরায় জিজ্ঞেস করলেন, আপনি কি বাজারে যাবেন? অথচ মুসলমানদের যাবতীয় দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে? তিনি উত্তরে বললেন, তাহলে আমার পরিবারের খাদ্যের ব্যবস্থা কোথা থেকে করব? তখন তারা বললেন, আপনি আমাদের সাথে চলুন। আপনার জন্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু সম্পদ বরাদ্দ করে দিব। সুতরাং তিনি তাদের সাথে গেলেন। ফলে বিশিষ্ট সাহাবীগণ তার জীবিকা নির্বাহের জন্যে প্রত্যেক দিন একটি ছাগলের অর্ধেক মূল্য ধার্য করে দেন। (রিয়াযুন নাযরাহ, পৃঃ ১৯১)