hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৫

পিতার সাথে আবু বকরের সদাচরণ

আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহু ছিলেন পিতার বাধ্যগত সন্তান। তিনি তার সাথে সদাচারণ করতেন। তিনি দ্বাদশ হিজরীর রজব মাসে উমরা পালনার্থে মদীনা থেকে পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে একদল যুবক অনুচর সাথে নিয়ে রওয়ানা করেন। তথায় তিনি সকালে পৌঁছেন। অতঃপর তিনি নিজেদের বাড়িতে যান। তখন তার পিতা আবু কুহাফা বাড়ির দরজার সামনে উপবিষ্ট ছিলেন। তাকে লোকেরা বলল, এই তো আপনার ছেলে এসেছে। তিনি তৎক্ষণাত আনন্দের সাথে দাঁড়িয়ে গেলেন।

অপরদিকে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু অতি তাড়াতাড়ি তার উটকে বসিয়ে নামলেন। সর্বপ্রথম তিনি পিতার সাথে দেখা করে খোজ খবর নিলেন। এরপর আশ পাশের লোকজন তার সাথে সালাম বিনিময় করেন। আর এই লোক সমাগমের মাঝে পিতা বলে উঠলেন, আল্লাহ তায়ালা তোমাকে এদের শাসনকর্তা বানিয়েছেন। সুতরাং তাদের সাথে উত্তম ব্যবহার করো। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, আব্বাজান! আমার উপর অত্যন্ত কঠিন দায়িত্ব অর্পিত হয়েছে। আল্লাহর বিশেষ রহমত আর সাহায্য ব্যতীত আমার পক্ষে তা আঞ্জাম দেয়া সম্ভব নয়। (সিফাতুস সাফওয়াহ, ১১৫৮)