hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বিলাল -কে মুক্ত করেন

বিলাল রাদিয়াল্লাহু তা'আলা আনহু ছিলেন সত্যিকার ইসলাম গ্রহণকারী এবং পবিত্র হৃদয়ের অধিকারী। যখন দুপুরে সূর্য প্রচণ্ড গরম হতো, তখন উমাইয়া ইবনে খালফ তাকে রৌদ্রের মধ্যে শুইয়ে রাখত। মক্কার মরুভূমিতে রোদের তাপের মধ্যে শোয়ায়ে তার উপর পাথরের বড় টুকরা রেখে দেয়া হতো। যতক্ষণ পর্যন্ত তাঁর মৃত্যু না হয় অথবা সে মুহাম্মদের দ্বীনকে পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেয়া হতো। এত বিপদের মধ্যে থেকেও তিনি আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক বলে ঘোষণা করতেন। ওয়ারাকা ইবনে নাওফল একদিন তার পাশ দিয়ে অতিক্রম করলেন।

তখনও তাকে এভাবে শাস্তি দেয়া হচ্ছিল। আর তিনি আহাদ আহাদ বলছিলেন। তখন ওয়ারাকা বললেন, হে বিলাল! তুমি তো সত্য কথা বলছ। এরপর তিনি উমাইয়া ইবনে খালফ এবং বনী জমাহ গোত্রের আরো যারা এরকম আচরণ করছিল তাদের কাছে গেলেন এবং বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি, যদি তোমরা এ অবস্থায় তাকে হত্যা করতে চাও, তবে আমি তাকে তোমাদের থেকে মুক্ত করে নেব। অত:পর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তার নিকট দিয়ে গমন করলেন। তখনও তাকে শাস্তি দেয়া হচ্ছিল। আর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর বাড়ি বনী জমাহ গোত্রের মধ্যেই ছিল।

অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু উমাইয়া ইবনে খালফকে বললেন, তুমি কি এই মিসকীনের প্রতি দয়া করবে না? তুমি কি আল্লাহকে ভয় করবে না? তখন উমাইয়া বলল, তুমি তাকে মুক্ত কর। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, আমি অবশ্যই তা করব। আমার নিকট তার চেয়ে শক্তিশালী একটি গোলাম আছে। তাকে তোমাকে দিয়ে এর বদলে বিলালকে আমি মুক্ত করব। উমাইয়া বলল, আমি তাই গ্রহণ করলাম। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে দাসত্ব থেকে মুক্ত করে তাকে আযাদ করে দেন। (আর রিয়াদুন নাদরাহ, পৃ: ৮৯)