hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬

তিনি ছিলেন খিলালের অধিকারী

রাফে ইবনে আমর আত তাঈ বলেন, যাতুস সালাসীল এর অভিযানে রাসূল (সাঃ) আমর ইবনে আস -কে মনোনীত করেন এবং সেই বাহিনীতে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আরো কয়েকজন সাহাবীকে প্রেরণ করেন। অভিযান পরিচালনা করতে গিয়ে তারা এক পর্যায়ে তাঈ নামক এক পাহাড়ের নিকট অবতরণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, এমন একজন লোককে খোঁজ যে আমাদেরকে পথ দেখিয়ে দেবে। তারা বলল, রাফে ইবনে আমরই এ কাজ করতে পারবে।

রাফে বলেন যখন আমরা অভিযান শেষে ফিরে আসলাম, তখন আমি আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর নিকটে গেলাম। তার একটা আভা ছিল। যখন তিনি সফর করতেন তখন তা গুটিয়ে নিতেন। আর যখন কোথাও অবতরণ করতেন তখন তা বিছাতেন। আমি বলালম, হে আভার অধিকারী! তোমার সাথীদের মধ্যে আমি তোমাকেই নির্বাচন করেছি। আমাকে তুমি এমন কিছু জিনিস শিক্ষা দাও যা করলে আমি তোমাদের মতো হতে পারব। তবে তা যেন এত লম্বা না হয় যে, আমি তা ভুলে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, তাহলে সে বিষয়গুলো তোমার পাঁচটি আঙ্গুলে মুখস্ত রাখতে পারবে। আমি বললাম, তাহলে বলুন।

তিনি বললেন১. তুমি এ সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই এবং মুহাম্মদ ও তাঁর রাসূল। ২. তুমি পাঁচ ওয়াক্ত নামায কায়েম করবে। ৩. তোমার মালের যাকাত দেবে। ৪. বাইতুল্লায় হজ্জ করবে। ৫. রমযানে রোযা রাখবে। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি কি মনে রাখতে পেরেছ? আমি বললাম, হাঁ। এরপর বললেন, আল্লাহ যখন তাঁর নবীকে নবুওয়াত দিয়ে প্রেরণ করলেন তখন কেউ কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের মধ্যে প্রবেশ করল। ফলে আল্লাহ তাদেরকে হেদায়াত দান করলেন। আর কেউ কেউ ইসলামের প্রবেশ করাকে অপছন্দ করল। আর তারা সবাই আল্লাহর দুশমন। (মাযমাউয যাওয়াঈদ- ৫/২০২)