hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ছিলেন বীর পুরুষ

কোন একদিন আলী ইবনে আবি তালিব খুতবা দিতে দাঁড়ালেন। তখন তিনি বললেন, হে লোক সকল! সবচেয়ে উত্তম বীর পুরুষ কে? তাঁরা বলল, হে আমীরুল মুমিনীন! আপনি। অতঃপর তিনি বললেন, আমার মনে হচ্ছিল যে, আপনারা এটাই বলবেন; কিন্তু সেই ব্যক্তি হলেন আবু বকর। আমরা একদিন রাসূল (সাঃ) এর নিকট ছিলাম। অতঃপর বললাম, কে সেই ব্যক্তি যে রাসূল (সাঃ) এর সাথে থাকবে, যাতে করে রাসূল (সাঃ) এর ওপর কোন মুশরিক আক্রমণ করতে না পারে। আল্লাহর কসম, তখন আমাদের কেউ তার নিকটবর্তী হয়নি।

কেবলমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাঁর তরবারি উন্মুক্ত করে রাসূল (সাঃ) এর মাথার কাছে গেলেন। তাই আমরা মনে করি যে, তিনিই ছিলেন সবচেয়ে বড় বীর পুরুষ। আমি দেখেছি যে, রাসূল (সাঃ) এর সাথে যেসব কুরাইশরা শত্রুতা করছে তাদের মধ্যে কেউ কেউ তাকে গালি দিয়ে বলছে যে, তুমি আমাদের সকল উপাস্যদেরকে এক উপাস্যে পরিণত করেছ। (তখন আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন) আল্লাহর কসম, তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ছাড়া কেউ তার নিকটবর্তী হয়নি। তিনি তার সাথে জিহাদ করেন এবং লোকদের গালির জবাব দেন। আর তিনি বলেন, তোমাদের ধ্বংস হোক! তোমরা কি এমন একটি লোককে হত্যা করতে যাচ্ছ? যে বলে যে, আল্লাহ আমার রব। (বেদায়া ওয়ান নেহায়া- ৩২৭১)