hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

সিদ্দীক নামকরণ

নবী (সাঃ) কে অধিক সত্যায়ন করার কারণে আবু বকর সিদ্দীক উপাধি লাভ করেন। উম্মুল মুমিনীন আয়শা রাদিয়াল্লাহু তা'আলা আনহা বলেন, নবী (সাঃ) কে যখন মসজিদে আকসায় ভ্রমণ করানো হলো অর্থাৎ যখন মেরাজ সংঘটিত হলো তখন লোকেরা এ নিয়ে অনেক আলাপ-আলোচনা শুরু করল। এক পর্যায়ে ঈমানদার কিছু লোক মুরতাদ হয়ে গেল। আবার কতিপয় লোক আবু বকর

রাদিয়াল্লাহু তা'আলা আনহুএর নিকট গেল এবং তাকে জিজ্ঞেস করল, তোমার বন্ধু মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কি কোন সংবাদ আছে? তিনি নাকি মনে করেন তাকে রাত্রে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করানো হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, নবী (সাঃ) সত্যি কি তাই বলেছেন? তারা বলল, হ্যা। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, যদি তিনি তাই বলে থাকেন, তাহলে তিনি সত্যই বলেছেন।

লোকেরা বলল, তুমি কিভাবে সত্যায়ন করলে যে, তিনি রাত্রে বাইতুল মুকাদ্দাস গেলেন এবং ভোর হওয়ার আগে আবার ফিরে আসলেন। তিনি বললেন, হ্যা, আমি অবশ্যই তার কথায় বিশ্বাস করি এমনকি এর চেয়েও কঠিন কোন বিষয় হলেও বিশ্বাস করব। সকাল বিকাল তার কাছে আকাশ থেকে খবর আসার কারণে আমি তার কথা বিশ্বাস করব। এজন্যই আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে সিদ্দীক উপাধি দেয়া হয়। (হাকীম, ৩৬২৬৩)