hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৮

একজন ইয়াতীমের দায়িত্ব নেই

আমি কি কখনও গভীরভাবে চিন্তা করে দেখেছি যে আমরা যারা বিদেশে থাকি আমার এক কাপ কফির দামে বাংলাদেশে একজন ইয়াতীম বাচ্চা মানুষ হতে পারে! আমরা যারা আমেরিকা- ক্যানাডায় বসবাস করি তাদের নিকট ১টি ডলার তেমন কোন amount-ই না, কিন্তু এই ১টি ডলার = বাংলাদেশে ৮০ টাকা যা দিয়ে একটা গরিব পরিবারের একদিনের বাজার খরচ হতে পারে। তার মানে আমি প্রতিদিন ১ ডলার করে মাসে ৩০ ডলার একটা পরিবারকে দিলে তাদের সংসার চলতে পারে। আমি কি জানি আমার সম্পদের উপর অন্যদের হক রয়েছে আর তা আল্লাহ সুস্পষ্ট ভাষায় সূরা আয-যারিয়াতের ১৯ নং আয়াতে বলেছেন : “এবং তার ধন-সম্পদে প্রার্থী ও বধিত জনের অধিকার রয়েছে অর্থাৎ আমার উপার্জিত সম্পদের উপর সমাজের অপেক্ষাকৃত সহায় সম্পদহীন পরিবার ও মানুষের একটা ন্যায্য অধিকার আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। আমাদের গরীব আত্মীয়স্বজন, প্রতিবেশী, ইয়াতীম ইত্যাদি লোকদের প্রতিনিয়ত খোজ খবর নেয়া ও তাদের জন্য সামর্থনুযায়ী আর্থিক অনুদানের ব্যবস্থা করা আমাদের সকলের উপর আল্লাহ নির্ধারিত অর্থনৈতিক দায়িত্ব। আল্লাহ তা'আলা বলেছেন :

“নিকটাত্মীয়কে তার অধিকার দিয়ে দাও, আর মিসকিন ও সম্বলহীন পথিককে তাদের অধিকার। তোমরা অপব্যয়-অপচয় করো না” (সূরা আল ইসরা : ২৬)

বঞ্চিত ও প্রার্থীগণ যদি সামাজিকভাবে আপনার অপ্রিয় ও হয় তাহলেও তাদেরকে সাহায্য সহযোগিতা করে যেতে হবে। মহান আল্লাহ তাআলা সূরা আন-নূরের ২২ নম্বর আয়াতে তা বলেছেন। সন্তান-সন্ততি আল্লাহর পক্ষ থেকে আসে। ধরি আমার কোন সন্তান নেই অথবা ১টি বা ২টি সন্তান আছে, আল্লাহ তা'আলা যদি আমাকে আরো ১টি সন্তান দিতেন তাহলে তাকেও আমি অন্য সন্তানের মতোই মানুষ করতাম, কোথাও কমতি করতাম না। তাই আল্লাহ তা'আলার সন্তষ্টির জন্য পরকালের মুক্তির কথা চিন্তা করে অনায়াসেই আমি আমার কোন গরীব আত্মীয়ের একটা সন্তান বা কোন একটা ইয়াতীম বাচ্চার দায়িত্ব নিতে পারি। একবার চিন্তা করি দেখি আমি কতো দিকে কতো পয়সা নষ্ট করছি এবং তা দিয়ে কয়টা ইয়াতীম বাচ্চা মানুষ হতে পারে!

একজন ইয়াতীম কতো অসহায়! তাই মহান আল্লাহ তা'আলা কুরআনে ইয়াতীমের গুরুত্বের কথা বার বার বলেছেন। একবার কি ভেবে দেখেছি যে আজ আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই কাল আমার সন্তানও এমন ইয়াতীম হয়ে যেতে পারে! তাই আমার মন কি চায় না যে এমন একজন ইয়াতীমের কষ্ট দূর করতে? স্বামী-স্ত্রী মিলে খুব গভীরভাবে একবার ভেবে দেখি কিভাবে এই লাভবান প্রজেক্ট হাতে নেয়া যায় এবং সামনের মাস থেকেই ইনশাআল্লাহ শুরু করে দিতে পারি। আমি মাসে মাসে শুধু টাকা দিয়েই যেন বসে না থাকি, নিয়মিত তদারকি করি যাতে এই ইয়াতীমটি ভবিষ্যতে একজন ভাল শিক্ষিত হওয়ার পাশাপাশি একজন ভাল মুসলিম হতে পারে যার পুরস্কার আমি মহান আল্লাহর কাছ থেকে পাবো, ইনশাআল্লাহ।