hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১

বেপর্দার লাইসেন্স ও দাইয়ুসী সার্টিফিকেট

আমাদের সমাজে এমন কিছু ব্যক্তিবর্গ রয়েছেন যারা ইসলামী আইন মান্যকারীদেরকে লক্ষ্য করে জোর গলায় উক্তি করে থাকেন এই বলে “ওরা সংকীর্ণমনা”, ওরা মেয়েদের অবাধ মেলামেশা ও নারী অধিকারের ঘোর বিরোধী, আমরা ওদের মত নই, আমাদের আছে উদার হৃদয়, রয়েছে প্রশস্ত মন মানসিকতা।

নিজ স্ত্রীদেরকে উনারা বেপর্দার লাইসেন্স প্রদান করে বিনিময়ে নিজেরা অর্জন করে নেন দাইয়ুস হবার সার্টিফিকেট। আরবী ভাষায় প্রধানতঃ দাইয়ুস বলা হয়ে থাকে ঐ ব্যক্তিকে যে নিজ স্ত্রীকে পরপুরুষের সাথে অবাধ মেলামেশার অনুমতি দিয়ে থাকে অথবা বাধা দেয় না অথবা মেলামেশায় কিছু মনে করে না। ইসলাম দাইয়ুসের পরিণতি সম্পর্কে সতর্কবাণী দিয়েছে।

রসূল (ﷺ) বলেছেন, “আদ-দাইয়ুসু লা ইয়াদখুলিল জান্নাহ” অর্থাৎ দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। মনের পর্দাই আসল পর্দা” নামক বুলিটি বেশ শক্তিশালী হয়ে উঠে যখন বেপর্দার লাইসেন্স এবং দাইয়ুসী সার্টিফিকেট উভয়টি মজবুতভাবে কাজ করে মানুষের মাঝে আর বিদায় নেয় তখন ইসলামী আদর্শবাদী পূর্ণ আইন সমাজ থেকে। বেপর্দা ও দাইয়ুসী চরিত্র সমাজে কী কী ধরণের অবক্ষয় বয়ে আনে তার কয়েকটি চিত্র নিমে তুলে ধরা হলো :

অবৈধ সম্পর্ক ১:

অবাধ চলাফেরা, উঠাবসা, একাকী অবস্থায় পরপুরুষের বাসায় আসার অনুমতি প্রদান। সন্তানের টিউটর হিসেবে স্বামীর অনুপস্থিতিতে ঘরে এসে পড়ানোর ব্যবস্থা, যানবাহনে পাশাপাশি বসে ভ্রমণ ইত্যাদি বিভিন্ন ধরণের পরিস্থিতি কখনও মোড় নেয় অন্যদিকে। চুম্বকের ন্যায় আকর্ষণ করে একে অপরকে, অবৈধ সম্পর্ক বা প্রেম বিনিময় শুরু হয় যার ফলশ্রুতিতে স্বামী স্ত্রী সম্পর্কে ফাটল ধরে, একে অপরের উপর আস্থা হারিয়ে ফেলে। আরও অগ্রসর হয়ে শেষ পর্যন্ত ধবংস হয়ে যায় বহুদিনের গড়া সংসার আর সন্তানদের জীবনে নেমে আসে এক ঘোর অন্ধকার। এই লাইসেন্স এবং সার্টিফিকেট আর একটি বিভীষিকা বয়ে আনে আত্মীয়দের মাঝে।

অবৈধ সম্পর্ক ২:

দেবর-ভাবী, শালি-দুলাভাই এদের মধ্যকার সম্পর্ক আমাদের সমাজে অত্যন্ত ঘনিষ্ঠ। একই পরিবারভুক্ত হয়ে বসবাস করার ফলে পর্দার কোন প্রশ্নই থাকে না। হাসি-তামাসা, কৌতুক, ফুর্তি ইত্যাদি অহরহ চলতে থাকে। হঠাৎ করে কখনো হয়ত দেখা গেলো ভাবী-দের সম্পর্ক অন্যদিকে ধাবিত হয়ে প্রেমিক-প্রেমিকার সম্পর্কে পরিণত হলো এক পর্যায়ে, সুখী সংসারটি আর টিকলো না নেমে আসলো বড় ভাইটির জীবনে অমানিশা, ধুকে ধুকে আঘাতে আঘাতে হয়ত একদিন চির বিদায় নিতে হলো। একইভাবে শালি-দুলাভাই সম্পর্কও যখন ঐ রকমভাবে মোড় নেয় তখন দীর্ঘদিনের গড়া সোনার সংসার ধূলিসাৎ হয়, বেচারী বড় বোনের আর্তনাদ তখন আর দেখে কে, এক বিভীষিকাময় জীবনের হয় শুরু।

অবৈধ সম্পর্ক ৩ :

আরও একটি ব্যতিক্রমধর্মী সম্পর্ক স্থান পায় আমাদের সমাজে। মেয়ে তার বাবার বন্ধুকে ডাকে চাচা বা আঙ্কল। চাচা-ভাতিজী সম্পর্ক নিয়ে শুরু হয় এ যাত্রা আর শেষ হয় প্রেমিক-প্রেমিকা সম্পর্কের মাধ্যমে। বাবা মায়ের সমস্ত আশা-ভরসাকে জলাঞ্জলি দিয়ে মেয়ে তার বাপ-মার বাড়ী ছেড়ে পাড়ি দেয় অজানার পথে চাচা নামের প্রেমিকের সাথে। আবার খালু-ভাগিনীর মাঝেও এ ধরণের ঘটনার খবর পাওয়া যায়।

শুধু দেশে নয় প্রবাসেও গত ৩-৪ দশকে ঘটে গেলো অনেক ঘটনা যাতে উপরের ফেক্টর বা কারণগুলোই ছিল মুখ্য। বিভিন্ন ঘটনার শিকার যারা, আর যারা ঘটনার সাক্ষী বা মধ্যস্থতাকারী তাদেরকে সাথে নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন রয়েছে এ ধরণের ঘটনার কি করে বন্ধ করা যায়। আমাদের পারিবারিক ও সামাজিক বুনিয়াদ ধবংসের হাত থেকে রক্ষা করার উপায় উপকরণ কী হতে পারে। ইসলামের সুশীতল ছায়া তলে প্রত্যাবর্তন ঈমান, ইয়াকীন, তাকওয়া এবং ইহসান দিয়ে সমাজকে সাজানোর বিকল্প অন্য কিছুই হতে পারে না সেবা যে কোন চিন্তাশীল মানুষ মাত্রই সহজে বুঝতে পারবে।