hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

আমাদের সমস্যা

এতো কিছু দিয়ে জীবনকে সাজানোর পরও, এতো কিছু পাওয়ার পরও নিমের তিনটি জিনিস আমাদের মধ্যে পরিলক্ষিত হয়।

১. সর্বক্ষেত্রে অতৃপ্তি বা Dissatisfaction;

২. হতাশা বা Frustration;

৩. মনের বিক্ষিপ্ততা বা Restlessness of mind.

এর একটা সমাধান বের না করলে আমরা যতোই সলাত, যাকাত, সিয়াম, হাজ্জ আর কুরআন তিলাওয়াত করি না কেন, প্রকৃত তৃপ্তি আসবে না। একটি উদাহরণ দেয়া যাক, যেমন : সলাত কেন আজ ব্যর্থ হচ্ছে? অর্থাৎ আমরা অনেকেই সলাত আদায় করছি ঠিকই কিন্তু আল্লাহর কথার সাথে ঠিক মিলছে না।

সূরা আনকাবুত-এর ৪৫ নম্বর আয়াতে মহান আল্লাহ জোর দিয়ে বলছেন। “নিশ্চয়ই সলাত মানুষকে লজ্জাহীনতা, অশ্লীলতা ও সর্বপ্রকার পাপ কার্য হতে বিরত রাখে।”

কিন্তু বাস্তবে দেখা যাচেছ আমাদের সমাজে সলাত আদায়কারীর সংখ্যা বাড়ছে ঠিকই কিন্তু তার চেয়ে অনেক বেশী গুণ বাড়ছে ইসলামের দৃষ্টিতে অশ্লীল ও নিষিদ্ধ কাজের সংখ্যা। তার মানে, সলাতের প্রকৃত ফল আমরা পাচ্ছি না এবং আমাদের গতানুগতিক সলাত কেনো জানি আল্লাহর দরবারে পৌছাচ্ছে না, আর সলাতে আমরা তৃপ্তিও পাচ্ছি না।

এখানে দু'টি দিক। আমাদের জীবনে যা চাওয়ার ছিল তা পেয়েছি এবং সলাত, সিয়াম, হাজ্জ, যাকাত, কুরআন তিলাওয়াত সবই করছি বা তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছি কিন্তু তারপরও মনে হচ্ছে কোথায় যেন একটা অতৃপ্তি! কোথায় যেন একটা শূন্যতা! তা হলে এই তৃপ্তির সন্ধানে কী করা যায়? এই অতৃপ্তি আসে কেন? তার সমস্যাগুলো কোথায়? তার কারণগুলো খুঁজে বের করা দরকার।