hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৩

আমাদের চরিত্রের মান

সারা দুনিয়ায় আমরা মুসলিমরা শিক্ষার দিক থেকে সবচাইতে পিছিয়ে আছি। জ্ঞান বিজ্ঞান চর্চা দূরে থাক, মৌলিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্জনের লক্ষ্যমাত্রাটিও আমরা স্পর্শ করতে পারছি না। ফলে আমরা আভ্যন্তরীণ ও আন্ত র্জাতিকভাবে শোষিত হচ্ছি।

বাংলাদেশী হিসেবে আমাদের চরিত্রে রয়েছে নানারকম হাস্যকর উপাদান। অতি দুর্বল ও অতি অসহনশীল আমরা, দুনিয়ার যে প্রান্তে গিয়েছি সেখানেই নিজেদেরকে নিজেরা শত্রুতে পরিণত করেছি। আমাদের শিক্ষিত শ্রেণী হতে শুরু করে সাধারণ শ্রমিক পর্যন্ত সকল পর্যায়ে এ বিষয়ে সুনাম অর্জনে ধন্য হয়েছে। তবে এ অসৎ স্বভাব অর্জন ও তার বিকাশে অল্প শিক্ষিতদের চেয়ে বেশী শিক্ষিতরা এগিয়ে আছেন। অধিকাংশ ক্ষেত্রে এ মহান ব্যক্তিরা ঝগড়া, মারামারি, কথা কাটাকাটি, অশ্রাব্য ভাষায় নিজেদের গালাগাল দেয়া ইত্যাদি ঘটিয়েছেন কোন বিজ্ঞ কারণে নয় অথবা নয় কোন ভাবগাম্ভীর্য ও গুরুত্বপূর্ণ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে। এমনও নয় যে বিলিয়ন ডলারের ব্যবসায় বনিবনা হয়নি। অতি ক্ষুদ্র, তুচ্ছ বিষয়ে এসব উচ্চ শিক্ষিত মহৎ ব্যক্তিগণ ঝগড়া ফাসাদ করে নিজেদের শক্তি অপচয় করছেন।

ঝগড়ার সবচাইতে কমন সূত্র মসজিদ কমিটি গঠন বা ভাঙ্গন নিয়ে, অথবা বাংলাদেশী সোসাইটির নেতৃত্বের কোন্দল বা তৎসংশ্লিষ্ট বিষয় নিয়ে। অবস্থা দেখে মনে হয় শয়তান সন্তুষ্টির সাথে এসব ব্যক্তিদের ত্যাগ করেছে এবং শয়তানের সর্বজ্ঞাত এজেন্ডা বিভেদ সৃষ্টির এক নম্বর উপাদানকে জমিনে বাস্ত বায়ন করার জন্য এসব উচ্চ শিক্ষিত লোকদের নিয়োগ করে দুনিয়ার সর্বক্ষেত্রে ছড়িয়ে দিয়েছে। পত্রপত্রিকার খবরাদি ছাড়াও ব্যক্তিগতভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাংলাদেশী সংগঠনগুলির খোঁজ-খবর নিয়ে এ দাবীর উল্লেখযোগ্য ব্যতিক্রম কিছু লক্ষ্য করা যায়নি।