hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য কোথায়?

পুরুষ এবং নারী সমাজের দু'টি গুরুত্বপূর্ণ অংশ। সামাজিক এবং সামষ্টিক জীবনের সুষ্ঠুতা এবং উন্নতি একান্তভাবে নির্ভর করে এদের সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গির উপর। নারী যেমন পুরুষ হতে পারে না তেমনি পুরুষও কখনও নারী হতে পারে না। উভয়ের রয়েছে পরস্পর বিরোধী দেহাবয়ব, আকার-আকৃতি, শক্তি ও যোগ্যতা। একই স্থানে, একই আবহাওয়া ও একই পরিবেশে জন্মগ্রহণ করেও নারী এবং পুরুষের স্বভাব প্রকৃতি মনস্তাত্ত্বিক দিক থেকে পার্থক্য এতবেশী, যত না পার্থক্য দুনিয়ার দু'প্রান্তে বসবাসকারী পুরুষের মধ্যে। কারণ gender বা লিঙ্গের পার্থক্য অত্যন্ত মৌলিক এবং গুরুত্বপূর্ণ পার্থক্য। শিক্ষা, পরিবেশ ইত্যাদি দ্বারা এই পার্থক্য অতিক্রম করা কখনো সম্ভব নয়।

উপরের আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি, নারী এবং পুরুষের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। এই পার্থক্যের কারণেই প্রত্যেক স্ব স্ব যোগ্যতা এবং প্রতিভা অনুযায়ী কর্মক্ষেত্র বাছাই করে নেবে এটাই ইনসাফের দাবী। এজন্যেই প্রকতি নারী এবং পুরুষের মধ্যে তাদের যোগ্যতা এবং স্বভাব অনুযায়ী কর্মবন্টন করে দিয়েছে। একজন ইঞ্জিনিয়ারকে যেমন রোগীর চিকিৎসা করতে দেয়া হয় , তেমনই একজন ডাক্তারকেও কোন শিল্পকারখানার কাজে লাগানোর চিন্তা অবাস্তব। একজন ডাক্তার বড় না একজন ইঞ্জিনিয়ার বড় এ প্রশ্নও অযৌক্তিক। এখানে যে যার ক্ষেত্রে বিশেষজ্ঞ।

নারী এবং পুরুষ মিলেই গঠিত হয় সমাজ। সমাজে এক অংশের প্রতিনিধি নারী, অন্য অংশের প্রতিনিধি হচ্ছে পুরুষ। শুধু পুরুষ যেমন একটা সমাজ গড়তে পারে না তেমনি শুধু নারীর পক্ষেও সম্ভব নয় একটা সমাজ গড়া। স্বয়ং স্রষ্টাই নারী ও পুরুষকে একে অপরের পরিপূরক ও মুখাপেক্ষী বানিয়েছেন। এই মুখাপেক্ষিতা ও নির্ভরতা সামাজিক, যৌন, মনস্তাত্ত্বিক সবদিক দিয়েই। সামাজিক জীবনের সুষ্ঠুতা ও উন্নতি-অগ্রগতি একান্তভাবে নির্ভর করে নারী পুরুষের সম্পর্ক সুষ্ঠু ও সঠিক হওয়ার উপর। আর এ সম্পর্ক যদি ভারসাম্যহীন হয় তাহলে সমাজ সর্বাত্মকভাবে ভাঙ্গন ও বিপর্যয়ের সম্মুখীন হয়।

আল্লাহ এই নারী এবং পুরুষ জাতি সৃষ্টি করে তাদের জন্যে জীবন চলার বিধি বিধানও দিয়ে দিয়েছেন। এ নিয়ম লংঘন করলে মঙ্গলতো কখনও আসবেই না, বরং ডেকে আনবে সমূহ বিপদ। পুরুষের মধ্যে প্রকৃতিগতভাবেই কিছু অসম্পূর্ণতা বা ত্রুটি রয়েছে যা নারী সংগ ছাড়া পূর্ণ হবার নয়। অনুরূপভাবে নারীর ত্রুটিসমূহের সম্পূরক কেবলমাত্র পুরুষই। এজন্যেই আল্লাহ বলেছেন :

“তারা (স্ত্রীগণ) হচ্ছে তোমাদের জন্যে পোশাক এবং তোমরা (স্বামীগণ) হচ্ছ তাদের জন্যে পোশাক।” (সূরা আল বাকারা : ১৮৭)