hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৮

নিজের বাবার বাড়ির বড়াই না করা

আজকাল কতিপয় স্ত্রী আছেন যারা কথায় কথায় নিজের বাবার বাড়ির বড়াই করে- যা অনৈসলামিক। বড়াই বা গর্ব-অহংকার করা ইসলামে মারাত্মক অপরাধ। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা এমন কিছু একদমই পছন্দ করেন না। তাইতো পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন :

“ভাল ও মন্দ বরাবর নয়। তুমি ভাল দ্বারা মন্দকে প্রতিহত করো। ফলে তোমার সাথে যার শত্রতা আছে সে হয়ে যাবে তোমার পরম বন্ধুর মতো। আর এহেন সুফল তার ভাগ্যেই জোটে যে ধৈর্য ও সহনশীলতার অধিকারী এবং যে বিরাট সৌভাগ্যশীল।” (সূরা হামীম আস সাজদা, ৪১ : ৩৪-৩৫)

সুতরাং মহান আল্লাহ তা'আলা যা পছন্দ করেন না তাতো ধর্মীয় জ্ঞান যাদের আছে তাদের কারোর কাছেই পছন্দ হওয়ার কথা নয়। এমনকি যে স্ত্রী তার বাবার বাড়ির অট্টালিকা বা প্রাচুর্যের বড়াই করে তার কাছেও অন্যরা এমনটি করলে তার পছন্দ হবে না। যাহোক কতিপয় স্ত্রীরা আছেন তা করতে পছন্দ করেন। কিন্তু মতামত হলো- ধরে নিলাম স্ত্রীর কথাই সত্য স্ত্রীর বাবা ভাইয়ের অনেক আছে কিন্তু স্বামীর হয়তো এত নেই যার জন্যে স্ত্রীর এত দুঃখ কিন্তু তার বাবা ভাইয়েরা কী দেখে বিয়ে দেয়নি? স্বামীর এত সম্পদ নেই, হতেই পারে কিন্তু তাই বলে সে এখন কী অবৈধ আয় করবে? অন্যের হক হরণ করবে?

আসলে আল্লাহভীতি আছে এমন স্বামীর পক্ষে কোনোটিই সম্ভব নয়। কাজেই স্বামীর বাড়িতে যা আছে, স্ত্রীর যতটুকু চাহিদা পূরণ করতে পাড়ছে তা নিয়ে সন্তুষ্ট থাকাইতো উত্তম। অন্যথায় স্ত্রীর অহংকার যাবে রসাতলে। আবার বাবার বাড়িতে আরো থাকলেও তাতো বিয়ের পর এখন আর স্ত্রীদের নেই। মূলতঃ বিয়ের পর স্বাভাবিক নিয়মে তো স্ত্রীর জন্য স্বামীর বাড়িই নিজ বাড়ি হয়ে যায়। আর স্ত্রীর বাবার বাড়ি হয়ে যায় নিকটতম আত্মীয়ের বাড়ি। এটাইতো বাস্তবতা।

কিন্তু দুঃখজনক হলো আজকাল এক শ্রেণীর স্ত্রীরা তাদের স্বামীর বাড়িতে এসে বাবার বাড়ির বড়াই এমনভাবে করে যে স্বামী তখন বলে-তোমার বাবা দেখে বিয়ে দিতে পারেনি। তোমার যখন এত চাহিদা তখন আমাকে তোমার স্বামী হিসেবে নির্বাচন না করলেই পারত! আবার কেউ কেউ বলে, যাও নিয়ে আস। নিয়ে আসলেই তো হয়। এত আছে, এত আছে বল কিন্তু বিয়ের সময় কী দিয়েছে, দেখছি না, এভাবে শুরু হয় দ্বন্দ্ব-কলহ। আবার কেউ বলে, যাও বাবার বাড়িতে গিয়ে থাক। তোমার বাবার বাড়িতে অট্টালিকা আছে আমার বাড়িতে নাই তো তোমার বাবা বিয়ে দিল কেন? তোমাকে ঐ বাড়িতেই রেখে দিতো! (নাউযুবিল্লাহ) ইত্যাদি অনেক নাজায়িয কথাবার্তা হতে হতে এক পর্যায়ে স্বামী স্ত্রী সম্পর্ক সবচেয়ে নিকৃষ্টতম পরিস্থিতির দিকে এগিয়ে যায়।

কাজেই আমাদের সকলের মনে রাখা উচিত, ইসলাম বড়াই করা, অহংকার করা পছন্দ করে না, কোনোভাবেই সমর্থন করে না। যেখানে ইসলাম বিরোধী এ কাজটি হবে সেখানে দ্বন্দ্ব শুরু হবে। তাই এমনটি না করাই উত্তম। এসব থেকে স্বামী-স্ত্রী উভয়েই সচেতন থাকা আদর্শ পরিবার জীবনের জন্যই জরুরি।