hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

সমস্যা সমাধানের চেষ্টা

কোন সমস্যাই আল্লাহর অগোচরে আসে না। আল্লাহর দৃষ্টির বাইরে কোন কিছুই সংঘটিত হয় না।

“আসমান জমীনের কোন কিছুই তাঁর জ্ঞানের আওতার বাইরে সংঘটিত হয় না এবং তাঁর ক্ষমতা-সার্বভৌমত্ব প্রত্যেকটি বস্তুকেই ঘিরে আছে।” (সূরা আলে-ইমরান : আয়াত ২৯-এর অংশবিশেষ)

অতএব নিজের মন ও মস্তিষ্ককে এ ধরনের একটি কুফরী চিন্তা হতে পবিত্র করে নিতে হবে। তারপর নিজেকে এ বুঝ দিতে হবে যে সকল কল্যাণের উৎস মহান আল্লাহ। তিনি যদি আমার কল্যাণ রাখেন কেবল তাহলেই আমার সমস্যার সমাধান হবে। আর যদি তিনি কল্যাণ না রাখেন তাহলে কোন অবস্থাতেই কল্যাণ লাভ সম্ভব হবে না। সুতরাং উন্নতি ও কল্যাণের বিশ্বাসটি বাংলাদেশ, আমেরিকা, কানাডা, ইউরোপ, সিঙ্গাপুর বা সউদি আরবে বসবাসের মধ্যে নয়। বরং সবকিছুর মালিক আল্লাহর হাতেই সকল কল্যাণ নিহিত রয়েছে। আসল মালিকের উপর নির্ভর না করে নকল ও ঠুনকো কোন কিছুর উপর বিশ্বাস স্থাপন এক ধরনের কুফরী। এতে মূল মালিক আল্লাহ তা'আলা অসন্তুষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যদিও তিনি অসীম করুণার আধার।

আমরা যারা মনে করেছিলাম যে সন্তানদের ভবিষ্যত উজ্জ্বল করার জন্য উন্নত ইউনিভার্সিটিতে পড়াশুনা বা প্রচুর অর্থ উপার্জন ইত্যাদি তারাও ভ্রান্ত চিন্তা মধ্যে আছি। নিজের চিন্তা ও নীতিকে আগে শুদ্ধ করে নিতে হবে। সারা দুনিয়ার মালিক আল্লাহ। তাঁর সৃষ্টি হিসেবে আমি কোন্ দেশে থাকবো তাতে কিছু যায় আসে না। স্রষ্টা আমাদের কর্ম বিচার করেন। সর্বাবস্থায় আমরা তার পরীক্ষার সম্মুখীন। আমাদের জীবনপদ্ধতি, দৃষ্টিভঙ্গী ইত্যাদি বিচার্য বিষয়। বাংলাদেশ, ক্যানাডা, আমেরিকা, সিঙ্গাপুর, জাপান যে দেশেই আমরা থাকি না কেন আল্লাহর হুকুমগুলি কে কত বেশী পালন করছি তা গুরুত্বপূর্ণ।