hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৯

নবম অধ্যায় : ইসলামের দাওয়াতী কাজ নিয়ে আসতে পারে পরিবারে শান্তি একজন মু'মিনের দায়িত্ব কী?

একজন মু'মিন হিসেবে এবং রসূল (ﷺ) -এর উম্মত হিসেবে আমাদের দায়িত্ব অনেক। রসূল (ﷺ) তার জীবদ্দশায় যে কাজগুলো করে গেছেন বিদায় হজ্জের ভাষণে তিনি আমাদেরকে সেই দায়িত্ব দিয়ে গেছেন। তাই সেদিক দিয়ে চিন্তা করলে আমরা খুবই ভাগ্যবান যে নবী-রসূলদের (আ.) দায়িত্ব আমাদেরকে দেয়া হয়েছে, আর এর কারণ হচ্ছে আর কোন নবী-রসূল (আ.) আসবেন না, সেই কাজ আমাদেরকেই করতে হবে। গোটা কুরআন পড়লে আমরা দেখতে পাই যে এই দায়িত্ব এসেছে আল্লাহর পক্ষ থেকে এবং এই দায়িত্ব পালন করা অবশ্যই প্রতিটি মুসলিম নরনারীর জন্য ফরয। মহান আল্লাহ তা'আলা বলেছেন,

“এখন তোমরাই দুনিয়ার সর্বোত্তম দল। তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হিদায়াত ও সংস্কার সাধনের জন্য, তোমরা ভাল কাজের আদেশ দিয়ে থাক, দুস্কৃতি থেকে বিরত রাখ এবং আল্লাহর প্রতি ঈমান আন।” (সূরা আলে-ইমরান : ১১০)

“তোমাদের মধ্যে এমন একদল লোক অবশ্যই থাকতে হবে, যারা মানবজাতিকে কল্যাণের পথে আহবান জানাবে, সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দেবে, তারাই হ'ল সফলকাম।”(সূরা আলে-ইমরান : ১০৪)

“যারা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করবে, মূলতঃ তাদের জন্যই রয়েছে সিরাতুল মুসতাকীম বা সহজ পথের দিশা।” (সূরা আলে ইমরান : ১০১)

“নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তাঁর পথে দুর্ভেদ্য প্রাচীরের ন্যায় অটল হয়ে সংগ্রাম করে।” (সূরা সফ : ৪)

“যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদের অবশ্যই সৎপথে পরিচালিত করবো। আল্লাহ অবশ্যই সঙ্কর্মপরায়ণদের সাথে থাকেন।” (সূরা আনকাবুত : ৬৯)