hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১২

খ্রিস্ট ধর্মের আগমন ও রোমকদের খ্রিস্ট ধর্ম গ্রহণ

মূর্তিপূজক রোমক সাম্রাজ্যের ওপর খ্রিস্ট ধর্মের আসন গেড়ে বসা ছিল এমন এক বিপ্লবাত্মক ঘটনা যার গুরুত্ব কোন ঐতিহাসিক উপেক্ষা করতে পারেন না। ঘটনাটা এভাবে সংঘটিত হয়েছিল যে, রোমক সম্রাট কনস্টান্টাইন ৩০৫ খ্রি. রোমক সিংহাসনে অধিষ্ঠিত হন। আর তার খ্রিস্ট ধর্ম গ্রহণের মাধ্যমে নোম সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম আসন গাড়তে সক্ষম হয় এবং সেই সাথে আকস্মিকভাবেই সে এমন এক বিশাল বিস্তৃত সাম্রাজ্য, সীমাহীন ক্ষমতা ও এখতিয়ার লাভ করে যার স্বপ্নও সে কখনো দেখতে পারত না। সম্রাট কনস্টান্টাইন খ্রিস্টানদের সীমাহীন ত্যাগ-তিতিক্ষা ও কুরবানীর মাধ্যমে সিংহাসন লাভ করেছিলেন বিধায় সিংহাসন লাভের পর তিনি তাদেরকে এর উপযুক্ত বিনিময় প্রদান করেন এবং সাম্রাজ্যে তাদেরকে অংশীদারিত্ব দান করেন।