hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৩

পাশ্চাত্যের অহংকার ও প্রাচ্যের বিরুদ্ধে অন্যায় পক্ষপাতিত্ব

ধর্মীয় বিধি-ব্যবস্থার পরাজয় এবং জাতীয়তাবাদী প্রেরণার উন্নতি ও বিকাশের প্রথম প্রভাব পড়ল। ফলে সমগ্র য়ুরোপ গোটা প্রাচ্যের মুকাবিলায় একটি প্রতিদ্বন্দ্বী শিবিরে পরিণত হলো। সে পাশ্চাত্য ও প্রাচ্য, আর্য জাতি ও অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে একটি পার্থক্য ও বিভাজন রেখা টেনে দিল এবং সিদ্ধান্ত নিল, এই রেখার মধ্যে যতগুলো জাতিগোষ্ঠী, সভ্যতা-সংস্কৃতি ও সাহিত্য অবস্থিত সেগুলোর দুনিয়ার তাবত জাতিগোষ্ঠী, সভ্যতা-সংস্কৃতি, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের ওপর শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য রয়েছে। শাসন করা, টিকে থাকা ও ফলে-ফুলে বিকশিত হওয়া তার অধিকার। এতভিন্ন আর যা কিছু আছে তাকে পরাভূত ও পর্যস্ত হয়ে বশ্যতা স্বীকার করে থাকতে হবে এবং বেঁচে থাকার ও উন্নতি করার কোন অধিকার তার নেই। ঠিক এরূপ চিন্তাধারা আপন আপন যুগে গ্রীক ও রোমকদের ছিল। পৃথিবীতে তারা নিজেদেরকেই কেবল সভ্য গণ্য করত এবং বাইরের সব কিছুকেই বিশেষ করে যেসব জিনিস আটলান্টিক সমুদ্রের পূর্বাংশে অবস্থিত সে সবকে অসভ্য ও বর্বর হিসেবে আখ্যায়িত করত।