hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭০

বিবেকবান সমাজ

মানব সমাজ দীর্ঘকাল থেকে নিজেদের এখতিয়ার ও অভিপ্রায় এবং স্বাদ ও রুচি খুইয়ে বসেছিল। তারা এক অভাবী প্রায় সমাজে পরিণত হয়ে গিয়েছিল। তারা ছিল এক নিরুপায় ও অসহায় জামাত যাদের হাত-পা ছিল বাধা। যুদ্ধের সময় হোক, চাই শান্তি ও সন্ধির সময় হোক, তাদের মতামত কী তা কেউ জিজ্ঞেস করত না। সেই সমাজের সদস্যদেরকে আত্মোৎসর্গের, দুঃখ-কষ্ট সহ্যের ও কঠোর পরিশ্রমের মুখোমুখি হতে বাধ্য করা হতো, অথচ এজন্য তাদের কোন সায়ও থাকত না এর দ্বারা তাদের কোন উপকারও হতো না। তারা তাদের কর্মকর্তাদের পছন্দ করত না আর কর্মকর্তারাও তাদেরকে পছন্দ করত না। এরপরও তারা তাদের কথামত চলতে বাধ্য ছিল যাদের তারা অপছন্দ করত এবং তাদের জীবন ও সম্পদ উৎসর্গ করতে বাধ্য হতো যাদের তারা ঘৃণা করত। ফল হলো এই যে, তাদের দিলের অগ্নিস্ফুলিঙ্গ নিভে যায়, আবেগ-উদ্দীপনা থিতিয়ে যায় এবং লোকের লোক দেখানো ও প্রতারণা-প্রবণতা বৃদ্ধি পায়। অবজ্ঞা, ঘৃণা ও লাঞ্ছনা বরদাশতে তারা অভ্যস্ত হয়ে যায়।