hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

একাদশতম সংস্করণের ভূমিকা

আলহামদু লিল্লাহ! বিশ্বে মুসলমানদের উত্থান ও পতনের প্রভাব' শীর্ষক এ বইটির একাদশতম সংস্করণ প্রকাশিত হলো। উপর্যুপরি অনেকগুলো সংস্করণ প্রকাশিত হবার ফলে বইটি জ্ঞানী-গুণী মহলে ও বিদগ্ধ পাঠক সমাজে যেই গ্রহণযোগ্যতা পেয়েছে সে সম্পর্কে এই দীন লেখকের কোন পূর্ব ধারণা ছিল না।

বইটির ইংরেজী সংস্করণ Islam and the World' নামে কয়েক বছর আগে প্রকাশিত হয় এবং পাঠকপ্রিয়তা লাভ করে। পাঠক জেনে খুশি হবেন যে, এর প্রকাশক যখন বইটি প্রকাশের ব্যাপারে সংস্থার এ বিষয়ক অভিজ্ঞ উপদেষ্টাদের মতামত কামনা করেন তখন লণ্ডন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিভাগের চেয়ারম্যান ড. বাকিংহাম নিম্নেক্ত রূপ মত ব্যক্ত করেনঃ বইটি ব্রিটেন থেকে প্রকাশিত হওয়া উচিত। কেননা বর্তমান শতাব্দীতে মুসলিম পুনর্জাগরণের যেই প্রয়াস সর্বোত্তম উপায়ে হয়েছে এটি তার নমুনা ও ঐতিহাসিক দলীল। সংস্থার অপর উপদেষ্টা বিজ্ঞ ও খ্যাতনামা প্রাচ্যবিদ এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক মন্টগোমারী ওয়াট বইটি অধ্যয়নের পর তার সুচিন্তিত অভিমতে প্রকাশের যোগ্য বলে রায় দেন।

ইরানের কুম’ শহরে অবস্থিত বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান ‘জলসাত ইলমী ইসলাম শেনাসী’ এর ফারসী অনুবাদ প্রকাশ করেছে। বইটি গভীর আগ্রহে পঠিত হচ্ছে বলে আমরা জেনেছি। তুরস্কে ইতিমধ্যেই এর কয়েকটি তুর্কী সংস্করণ প্রকাশিত হয়েছে ও গভীর আগ্রহে পঠিত হচ্ছে। ফরাসী ভাষায়ও এটি অনুবাদের অনুমোদন চাওয়া হয়েছে। লেখক এর অনুমোদন দিয়েছেন। এ ছাড়া দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি ভাষায় বইটির অনুবাদ হয়েছে।

বেশ কিছুদিন যাবত বইটি দুষ্প্রাপ্য হবার কারণে ব্যাপক পাঠক চাহিদার প্রেক্ষিতে বর্তমান সংস্করণ প্রকাশ করা হলো। আশা করি, পূর্বের মতই বইটি আগ্রহের সঙ্গে পঠিত হবে।

৭ই মুহারাম, ১৪১৩ হিজরী

৯ই জুলাই, ১৯৯২ইং

আবুল হাসান আলী নদভী

নদওয়াতুল উলামা, লাখনৌ