hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৭

গির্জা ও রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত

খ্রি, একাদশ শতাব্দীতে গির্জা ও রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত শুরু হয় এবং তা মারাত্মক রূপ পরিগ্রহ করে। প্রথম দিক এই সংঘাতে পোপের জয় হয় এবং পোপের ক্ষমতা ও প্রতিপত্তি এতটা বৃদ্ধি পায় যে, সম্রাট চতুর্থ হেনরীকে ১০৭৭ খ্রিস্টাব্দে পোপ হিল্ডার ব্রান্ড এই নির্দেশ প্রেরণ করেন যেন তিনি ক্যানোস,দুর্গে তার সামনে হাজির হন। অনন্তর সম্রাট অবনত মস্তকে পোপের দরবারে হাজির হন। পোপ অগত্যা লোকের সুপারিশে নিতান্তই নিরুপায় হয়ে সম্রাটকে তার সামনে খাড়া হবার অনুমতি প্রদান করেন এবং সম্রাট নগ্ন পদে পশমী মোজা পরিহিত অবস্থায় পোপের সম্মুখীন হন এবং পোপের হাতে তওবা করেন। পোপ সম্রাটের অন্যায়-অপরাধ ও ভুল-ভ্রান্তি ক্ষমা করেন। এরপর এই সব দ্বন্দ্ব-সংঘাতে কখনো পোপ জয় লাভ করেন, আবার কখনো বা পরাজিত হন। অবশেষে রাষ্ট্রের মুকাবিলায় গির্জাকে শেষ পর্যন্ত মাথা নোয়াতে হয়। আর সংঘাতের এই গোটা মুদ্দতে সাধারণ মানুষকে একই সঙ্গে ধর্ম ও রাজনীতি তথা গির্জা ও রাষ্ট্রের দ্বৈত গোলামীতে আবদ্ধ থাকতে হয়।