hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

আরব

জাহিলী যুগে আরব কিছু কিছু আপন প্রাকৃতিক ও স্বভাবজাত যোগ্যতা এবং কতকগুলো গুণে ও চারিত্রিক বৈশিষ্ট্যে ছিল অনন্য। ভাষার অলংকার, বাক-চাতুর্যে ও ছন্দ প্রকরণে তাদের কোন জুড়ি ছিল না। স্বাধীনতা ও আত্মমর্যাদাবোধকে তারা নিজেদের জীবনের চাইতেও বেশি ভালবাসত। শৌর্যবীর্য ও বীরত্ব প্রদর্শনে এবং অশ্বারোহণেও তাদের কোন বিকল্প ছিল না। তারা বিশ্বাসে দৃঢ়, স্পষ্টভাষী, সাহসী, তীক্ষ্ম স্মৃতিশক্তির অধিকারী, সাম্যবাদী, লৌকিকতামুক্ত ও কষ্ট সহিষ্ণু, প্রবল ইচ্ছাশক্তির অধিকারী, সত্যবাদী, প্রতিজ্ঞা রক্ষায় অনড় এবং বিশ্বস্ততা রক্ষায় ও আমানতদারীতে ছিল প্রবাদতুল্য।

কিন্তু আম্বিয়ায়ে কিরাম (আ) ও তাদের শিক্ষামালা থেকে দূরে অবস্থান, শতাব্দীর পর শতাব্দী ধরে একই উপদ্বীপে আবদ্ধ থাকা এবং বাপ-দাদার ধর্ম ও জাতীয় ঐতিহ্য ও প্রথা-পদ্ধতি শক্তভাবে আঁকড়ে থাকার দরুন তারা ধর্মীয় ও নৈতিক দিক দিয়ে খুবই নিচে নেমে গিয়েছিল। ৬ষ্ঠ শতাব্দীতে তারা অধঃপতনের চূড়ান্ত সীমায় উপনীত হয়েছিল। প্রকাশ্য মূর্তি পূজায় লিপ্ত ছিল তারা এবং এ ব্যাপারে তারাই ছিল নাটের গুরু। নৈতিক ও সামাজিক ব্যাধি তাদের সমাজকে ঘুণের ন্যায় কুরে কুরে খাচ্ছিল। মোটকথা, ধর্মাশ্রিত জীবনের অধিকাংশ সৌন্দর্য থেকেই তারা ছিল মাহরূম এবং জাহিলী জীবনের নিকৃষ্টতম বৈশিষ্ট্য ও দোষত্রুটিতে নিমজ্জিত।