hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৬

ধর্ম ও রাজনীতির বিভাজন

ধর্ম ও রাষ্ট্রনীতির মধ্যে কার্যত বিভাজন দেখা দেয়। কেননা পরবর্তী শাসকগণ জ্ঞানে, গরিমায় ও ধর্মীয় ক্ষেত্রে এতটুকু যোগ্যতার অধিকারী ছিলেন যে, তাদের উলামায়ে কিরাম ও দীনদার লোকদের সাহায্যের প্রয়োজন পড়বে। তাঁরা হুকুমত ও রাষ্ট্রনীতিকেই নিজেদের হাতে রাখেন এবং যখন তাঁরা চেয়েছেন কিংবা যখন পরিবেশ-পরিস্থিতির চাহিদা ও দাবি দেখা দিয়েছে কেবল তখনই পরামর্শদাতা ও বিশেষজ্ঞ হিসেবে তারা উলামায়ে কিরাম ও দীনদার লোকদের সাহায্য নিয়েছেন ও যতটুকু তারা চেয়েছেন কবুল করেছেন এবং যখন চেয়েছেন তাদের পরামর্শ পাশে রেখে দিয়েছেন, সে মতে আমল করেন নি। এভাবে রাষ্ট্রনীতি ধর্মের খবরদারী ও তত্ত্বাবধান থেকে মুক্ত হয়ে শেকলবিহীন হাতির ন্যায় লাগামহীন হয়ে পড়ে। এরপর থেকে দীনদার ও উলামা শ্রেণী হয় হুকুমতের বিরোধী হয়ে গেছেন কিংবা মাঝে মাঝে তাদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। আবার কেউ কেউ রাষ্ট্র ও রাজনীতির ময়দান থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছেন এবং তাৎক্ষণিক বিপ্লব সম্পর্কে হতাশ হয়ে চতুষ্পর্শের ঘটনাবলী থেকে চোখ বন্ধ করে ব্যক্তির সংশোধন ও প্রশিক্ষণের কাজে আত্মনিয়োগ করেছেন। কেউ কেউ নিজের পরিবেশের খারাবী দৃষ্টে আর্তনাদ করতেন, আর্তস্বরে চিৎকার করতেন এবং এসবের ওপর ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে তীব্র সমালোচনা করতেন। কিন্তু কী করবেন? তাঁরা ছিলেন অসহায় , মজবুর। তাদের কিছু করার উপায় ছিল না। আবার কেউ কেউ কোন ধর্মীয় মুসলিহাতের খাতিরে বা ব্যক্তিস্বার্থে হুকুমতের সাথে সহযোগিতা করতেন এবং তাদের ব্যবস্থায় শরীক থেকে যতটুকু সম্ভব ইসলাহ ও সংশোধনের প্রয়াস পেতেন। সে যা-ই হোক, এভাবে কার্যত ধর্ম ও রাষ্ট্রনীতি আলাদা হয়ে যায় এবং এ ব্যাপারে খোলাফায়ে রাশেদার আগে দুনিয়ার রাষ্ট্রীয় আইন-কানুন ও ব্যবস্থাপনার যে অবস্থা ছিল তারই একটি রঙ পয়দা হয়ে গেল। ধর্ম দিন দিন শক্তিহীন, প্রভাবশূন্য ও নিষ্প্রভ হয়ে চলল আর ওদিকে রাষ্ট্রনীতি হাত-পা মেলতে শুরু করল। ধর্মের লাগাম শিথিল এবং রাষ্ট্রনীতি নিয়ন্ত্রণহীন ও তার স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পেতে থাকল। সেইদিন থেকেই উলামায়ে কিরাম ও দীনদার লোক এবং দুনিয়াদার ও জাগতিক বিষয়বুদ্ধিসম্পন্ন লোকেরা পরিষ্কার দুটো পৃথক সম্প্রদায়ে পরিণত হলো এবং এ দুয়ের মাঝে ফাঁক দিন দিন বিস্তৃত থেকে বিস্তৃততর হতে থাকল এবং কোন কোন সময় তা বৈরিতা ও প্রতিদ্বন্দ্বিতায় পর্যবসিত হতো।