hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০২

কুরআনের বিন্যাস অনুযায়ী পড়া অপরিহার্য কি না

কুরআনের বিন্যাস অনুযায়ী সালাতে কিরাআত পড়া অপরিহার্য নয় বরং উত্তম। কেউ যদি কুরআনের বিন্যাস অনুসরণ না করে সালাতে কুরআন পাঠ করে তবে সালাতের কোন ক্ষতি হবে না। আল্লাহ তা‘আলা এ ব্যাপারে স্বাধীনতা দিয়েছেন। তিনি বলেন,

﴿فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْاٰنِ﴾

সুতরাং তোমরা কুরআনের যেখান থেকে পাঠ করা সহজ মনে কর সেখান থেকে পাঠ করো। (সূরা মুয্যাম্মিল- ২০)

যে কোন রাক‘আতে পূর্ণ একটি সূরা অথবা একটি সূরার কিছু অংশ অথবা একই সালাতে একই সূরা একাধিক বারও পড়া যায়।

আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক আনসারী সাহাবী মসজিদে কুবায় ইমামতি করতেন। তিনি প্রত্যেক রাক‘আতে সূরা ইখলাস পড়তেন। তারপর অন্য সূরা পড়তেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এভাবে পড়েন কেন? তিনি বললেন, এ সূরাটিকে আমি খুব ভালোবাসি। অতঃপর রাসূলুল্লাহ ﷺ এর কাছে এ সংবাদ পৌঁছলে তিনি বলেন, এ সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। [সহীহ বুখারী, হা/৭৭৪; মুস্তাখরাজে আবু আওয়ানা, হা/৩১৯৪।]

এ হাদীস দ্বারা বুঝা যাচ্ছে যে, একই সূরা প্রত্যেক রাক‘আতে পাঠ করা জায়েয আছে। কেননা রাসূলুল্লাহ ﷺ ঐ সাহাবীকে এমনটি করতে নিষেধ করেননি।