hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭২

ধীরস্থিরভাবে সালাত আদায়ের গুরুত্ব

তাড়াহুড়া না করে ধীরস্থিরভাবে সালাত আদায় করতে হবে। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ ﷺ মসজিদে প্রবেশ করছিলেন, এ সময় তাঁর পেছনে পেছনে এক সাহাবীও মসজিদে প্রবেশ করেন এবং তিনি সালাত আদায় করা শুরু করেন। অতঃপর তিনি সালাত শেষে নবী ﷺ এর কাছে গিয়ে তাঁকে সালাম জানান। তখন রাসূলুল্লাহ ﷺ তার সালামের জবাব দিয়ে তাকে বলেন, যাও! তুমি সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করনি। ফলে সাহাবী আবার সালাতে দাঁড়ালেন এবং আগের মতোই সালাত আদায় করলেন। তারপর তিনি রাসূলুল্লাহ ﷺ এর কাছে গিয়ে তাঁকে সালাম জানালেন। তখন রাসূলুল্লাহ ﷺ তাকে আবারও বললেন, যাও! আবার সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করনি। এভাবে তিন বার একই ঘটনা সংঘটিত হয়। তারপর উক্ত সাহাবী রাসূলুল্লাহ ﷺ কে বললেন, হে রাসূলুল্লাহ ﷺ! যিনি আপনার মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করেছেন, তাঁর শপথ! আমি এর চেয়ে ভালো সালাত আদায় করতে পারি না। দয়া করে আমাকে শিখিয়ে দিন। রাসূলুল্লাহ ﷺ বললেন, যখন তুমি সালাতে দাঁড়াবে ভালো করে অযু করবে, কিবলার দিকে মুখ করে তাকবীর বলবে, এরপর কুরআন থেকে কিছু অংশ যা তোমার মুখস্থ আছে, তা তেলাওয়াত করবে, এরপর ধীরস্থিরভাবে রুকূতে যাবে, এরপর মাথা ও কোমর সোজা করে স্থির হয়ে দাঁড়াবে। এরপর মাথা উঠিয়ে বসবে, যতক্ষণ না শরীরের সব হাড়ের জোড়া নিজ নিজ স্থানে বসে যায়। এভাবে সব সালাতই আদায় করতে হবে। [সহীহ বুখারী, হা/১০; সহীহ মুসলিম, হা/৫৫৯; ইবনে মাজাহ, হা/১০৬০।]