hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৭

সালাতুল হাজাত

হাজাত শব্দের অর্থ হচ্ছে, প্রয়োজন বা অভাব। বান্দা তার কোন প্রয়োজন পূরণের উদ্দেশ্যে আল্লাহর নিকট সাহায্য পাওয়ার লক্ষ্যে যে সালাত আদায় করে থাকে তাকে সালাতুল হাজাত বলে।

মানুষ সবসময়ই আল্লাহর মুখাপেক্ষী। একজন মুমিন বান্দার উচিত হলো, তার যখন কোন প্রয়োজন দেখা দেবে অথবা সে কোন বিপদে পড়বে তখন সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য অথবা প্রয়োজন পূর্ণ করার জন্য বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তা‘আলার কাছে সাহায্য চাওয়া। কেননা আল্লাহ তা‘আলা এমন এক সত্তা, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ তা‘আলা যদি কাউকে সাহায্য করতে চান তবে সেই সাহায্য প্রতিহত করার ক্ষমতা কারো নাই। রাসূলুল্লাহ ﷺ ও তার সাহাবায়ে কেরাম বিভিন্ন প্রয়োজনে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতেন। তাই আমরাও আল্লাহর নিকট এভাবে সাহায্য চাইব। আল্লাহ তা‘আলা বলেন,

﴿يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلَاةِ اِنَّ اللهَ مَعَ الصَّابِرِيْنَ﴾

হে ঈমানদারগণ! তোমরা সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও।

(সূরা বাকারা- ১৫৩)

সালাতুল হাজাতের বিশেষ কোন নিয়ম নেই। সাধারণ সালাতের ন্যায় দু’রাক‘আত সালাত আদায় করবে এবং শেষ বৈঠকে তাশাহহুদের পর সালাম ফিরানোর পূর্বে প্রয়োজনীয় বিষয়ের জন্য দু‘আ করবে, নিম্নোক্ত দু‘আটিও পাঠ করা যায়।

﴿رَبَّنَاۤ اٰتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَّ فِي الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ﴾

উচ্চারণ : রাববানা আ-তিনা ফিদ্দুন্ইয়া হাসানাতাওঁ ওয়াফিল আ-খিরাতি হাসানাতাওঁ ওয়াক্বিনা ‘আযা-বান্না-র।

শাব্দিক অর্থ : رَبَّنَا হে আমাদের রব! اٰتِنَا আমাদেরকে দান করুন فِي الدُّنْيَا দুনিয়াতে حَسَنَةً কল্যাণ وَّ فِي اَلْاٰخِرَةِ এবং আখিরাতেও حَسَنَةً কল্যাণ (দান করুন) আর وَّ قِنَا আমাদেরকে রক্ষা করুন عَذَابَ النَّارِ জাহান্নামের আযাব হতে ।

অর্থ : হে আমাদের রব! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করুন। (সূরা বাকারা- ২০১)

আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ অধিকাংশ সময় এ দু‘আটি পাঠ করতেন। [সহীহ বুখারী, হা/৪৫২২, ৬৩৮৯; সহীহ মুসলিম, হা/৭০১৭; আবু দাউদ, হা/১৮৯৪; মুসনাদে আহমাদ, হা/১৩৬০৫; মিশকাত, হা/২৪৮৭।]