hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭

সালাতে মনোযোগ দেয়ার গুরুত্ব

সালাতে মনোযোগ দেয়া অর্থাৎ খুশু ও খুযূর সাথে সালাত আদায় করা এত গুরুত্বপূর্ণ বিষয় যে, এটা না থাকলে সালাতটা প্রাণহীন দেহের মতো হয়ে যায়। সালাত হলো বান্দা এবং আল্লাহর মধ্যে মুনাজাত বা গোপন কথোপকথন। সালাতে আমি আল্লাহর কাছে কী আবেদন করলাম আর আল্লাহ আমাকে কী বললেন তা বুঝে বুঝে সালাত আদায় করাই হলো সালাতের প্রাণশক্তি। সালাতের বাহ্যিক কাঠামোর সাথে প্রাণের সংযোগ না থাকলে সেই সালাত যথার্থ হয় না। আর সালাতের বাহ্যিক কাঠামোর সাথে প্রাণের সংযোগ দিতে হলে ‘হুজূরে ক্বল্ব’ তথা মনের উপস্থিতি একান্ত প্রয়োজন। মন উপস্থিত রেখে একাগ্রতার সাথে সালাত আদায় করাই সালাতের মূল বিষয়। আল্লাহ তা‘আলা বলেন-

﴿قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَ ‐ - اَلَّذِيْنَ هُمْ فِيْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ﴾

মু’মিনগণ অবশ্যই সফলকাম হয়েছে; যারা নিজেদের সালাতে বিনয়ী। (সূরা মু’মিনূন ১, ২)

হাদীসে এসেছে-

عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ قَالَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ -ﷺ - يَقُوْلُ : اِنَّ الرَّجُلَ لَيَنْصَرِفُ وَمَا كُتِبَ لَهٗ اِلَّا عُشْرُ صَلَاتِهٖ تُسْعُهَا ثُمُنُهَا سُبُعُهَا سُدُسُهَا خُمُسُهَا رُبُعُهَا ثُلُثُهَا نِصْفُهَا

আম্মার ইবনে ইয়াসির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ হতে শুনেছি, তিনি বলেছেন, নিশ্চয় কোন ব্যক্তি সালাত সমাপ্ত করে, কিন্তু তার জন্য ১০ ভাগের ১ ভাগ, ৯ ভাগের ১ ভাগ, ৮ ভাগের ১ ভাগ, ৭ ভাগের ১ ভাগ, ৬ ভাগের ১ ভাগ, ৫ ভাগের ১ ভাগ, ৪ ভাগের ১ ভাগ, ৩ ভাগের ১ ভাগ অথবা ২ ভাগের ১ ভাগ মাত্র লিপিবদ্ধ হয়। [আবূ দাঊদ, হা/৭৯৬; মুসনাদে আহমাদ, হা/১৮৯১৪; সুনানুল কাবীর লিন নাসাঈ, হা/৬১৫; জামেউস সগীর, হা/২৫০৬; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৫৩৭।]

সুতরাং যার সালাত যত বেশি নবী ﷺ এর সুন্নাহ অনুযায়ী হবে তার সালাত তত বেশি পূর্ণাঙ্গ ও বিশুদ্ধ হবে। অন্যথায় সেই কমতি অনুসারে সওয়াবও কম হতে থাকবে।